২২,৮৭৫.৬৬ কোটি টাকার লোকসান, লিটারে ২০ টাকা বাড়ল পেট্রোল-ডিজেলের দাম

অনন্যা সরকার, কলকাতা: পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির কারণে সারা বিশ্বে জ্বালানির দাম হু হু করে বেড়েছে। বিগত কয়েকমাস ধরে এই পরিস্থিতি চলায়, নাগরিকদের জন্য জ্বালানির দাম নিয়ন্ত্রণে রাখতে বহু দেশ হিমশিম খাচ্ছে। তার মধ্যে রয়েছে ভারতের প্রতিবেশী দেশগুলিও। এবার বাংলাদেশ (Bangladesh Fuel Price Hike) সরকার আন্তর্জাতিক বাজারের মূল্যবৃদ্ধি ও বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (BPC) বিপুল লোকসানের সিককারণ দেখিয়ে দেশজুড়ে সমস্ত প্রকারের জ্বালানি তেলের ২০ টাকা দাম বাড়লো।

সমস্ত ধরনের জ্বালানি তেলের দাম বাড়লো বাংলাদেশে

রবিবার রাতে (২০ সেপ্টেম্বর) বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জারি করা বিজ্ঞপ্তিতে সমস্ত জ্বালানির বর্ধিত মূল্য প্রকাশ করা হয়েছে এবং তা গতকাল মধ্যরাত থেকেই কার্যকর হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, বাংলাদেশে ডিজেলের দাম লিটার প্রতি ১১৫ টাকা থেকে বাড়িয়ে ১৩৫ টাকা করা হয়েছে, পেট্রোলের নতুন দাম প্রতি লিটারে ১৪০ টাকা থেকে বেড়ে ১৬০ টাকা হয়েছে, কেরোসিনের দাম প্রতি লিটারে ১৩৫ টাকা থেকে বেড়ে ১৫৫ টাকা হয়েছে এবং ১ লিটার অকটেনের দাম এখন ১৪৫ টাকার বদলে ১৬৫ টাকা। প্রতিটি জ্বালানি তেলেরই ২০ টাকা (ভারতীয় মুদ্রায় ১৬ টাকা) করে মূল্য বৃদ্ধি হয়েছে। 

প্রতিবেশী দেশটির জ্বালানি মন্ত্রকের জারি করা একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে গত মার্চ মাস থেকে আন্তর্জাতিক বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম ও পণ্যবাহী জাহাজের ভাড়া উল্লেখযোগ্যভাবে বেড়ে যায় এবং এখনও একই পরিস্থিতি চলছে। প্রসঙ্গত, গত ১৮ এপ্রিল সেদেশের সরকার ডিজেলের দাম প্রতি লিটারে ১৫ টাকা বাড়িয়ে ১১৫ টাকা করে। তবে গত পাঁচ মাস ধরে দেশের মধ্যে জ্বালানির দাম অপরিবর্তিতই ছিল।

আরও পড়ুন: “এবার তোমাদের পালা!”; সৌদি আরব ভুলে পাকিস্তানে হামলা চালাতে পারে হুথিরা

বাংলাদেশ সরকার জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে এই মুহূর্তে জ্বালানির দাম দ্বিগুণেরও বেশি হওয়া সত্ত্বেও দেশের জনগণের স্বার্থে সরকার এখনও পর্যন্ত অভ্যন্তরীণ দাম বাড়ায়নি। ফলে, মার্চ থেকে আগস্ট মাসের মধ্যে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের প্রায় ২২,৮৭৫.৬৬ কোটি টাকা ক্ষতি হয়েছে।

Leave a Comment