সৌভিক মুখার্জী, কলকাতা: বালুরঘাটে (Balurghat) গিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এমনকি সেখানে আজ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী সুকান্ত মজুমদারের বাড়িতে মধ্যাহ্নভোজন সেরেছেন তিনি। তবে কেন্দ্রীয় সরকারের ‘নেশামুক্ত ভারত’ গড়ার লক্ষ্যে এবার বালুরঘাটে বড় পদক্ষেপ গ্রহণ করলেন মুখ্যমন্ত্রী। বাজেয়াপ্ত নেশাদ্রব্যের উপর রোড রোলার চালালেন তিনি। এদিন বালুরঘাট পুলিশ সুপারের অফিসের সামনে সাজানো ছিল প্রায় ২ লক্ষের বেশি নিষিদ্ধ কাশির সিরাপের বোতল। আর তার উপর দিয়েই রোলার চালিয়ে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার।
নিষিদ্ধ কাশির সিরাপের উপর দিয়ে রোলার চালালেন মুখ্যমন্ত্রী
তরুণ প্রজন্মকে নেশা থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০২৯ সালের মধ্যেই ‘নেশামুক্ত ভারত’ গড়ে তোলার লক্ষ্যমাত্রা গ্রহণ করা হয়েছে। তবে এবার তরুণদের উদ্দেশ্যে নেশামুক্তির ডাক দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই। বাজেয়াপ্ত কাশির সিরাপের উপর দিয়ে রোলার চালিয়ে এদিন মুখ্যমন্ত্রী নিজেই জানান, “আমার এই কর্মসূচির প্রথম বার্তা হল, যুব সমাজকে নেশা থেকে বের করে আনা।”
আজ দুপুর তিনটে নাগাদ বালুরঘাট পুলিশ সুপারের অফিসের সামনের রোডে মুখ্যমন্ত্রী এবং সুকান্ত মজুমদার দু’জন রোলারে চাপেন। এমনকি দু’জনের মাথায় হেলমেট পরা ছিল। এছাড়া রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর পাশাপাশি বিজেপির অন্যান্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন সেখানে। আর ওই অফিসের সামনেই সাজানো ছিল প্রায় ২ লক্ষের বেশি কাশির সিরাপের বোতল। সেই সাজোয়া বোতলের একদিক থেকে রোলার নিয়ে উঠে পড়েন মুখ্যমন্ত্রী। এমনকি সবগুলি বোতলকে গুঁড়িয়ে দেওয়ার পর তিনি জানান, “নেশামুক্ত ভারত অভিযান চালাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এটা প্রাসঙ্গিক এবং সময়োপযোগী। সরকার গঠন করার পর আমরা ব্যাপক পরিমাণ নেশাদ্রব্য বাজেয়াপ্ত করেছি।”
মুখ্যমন্ত্রীর আরও সংযোজন, “এই চার মাস বিএসএফ আর পুলিশ যৌথ অভিযানে নেশাদ্রব্যগুলি বাজেয়াপ্ত করেছে। আমরা শুধুমাত্র প্রতীকী হিসাবে এগুলিকে ধ্বংস করলাম। পশ্চিমবঙ্গকে আমরা নেশামুক্ত করব।” যদিও অতীতে গুজরাট, বিহারসহ বিভিন্ন রাজ্যে মদের বোতল গুঁড়িয়ে দিতে দেখা গিয়েছে রোলার দিয়ে। এবার সেই একই পথে হাঁটলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাজেয়াপ্ত হওয়া নেশার দ্রব্যগুলি বাংলাদেশে পাচার করার লক্ষ্য ছিল বলেই জানিয়েছেন তিনি।