সৌভিক মুখার্জী, কলকাতা: দেশের লক্ষ লক্ষ কৃষকদের জন্য বড় ভরসা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চালু করা পিএম কিষান (PM Kisan)। তবে এই প্রকল্প নিয়ে এবার বড় সুখবর দিল কেন্দ্র সরকার। জানা যাচ্ছে, কেন্দ্রীয় মন্ত্রিসভা আরও পাঁচ বছরের জন্য প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা চালু রাখার অনুমোদন দিয়েছে। সুতরাং স্পষ্টভাবে বলা যায়, আগামী ২০৩০-৩১ অর্থবর্ষ পর্যন্ত এই প্রকল্প চালু থাকবে, এবং এতে কৃষকরা আগের মতোই উপকৃত হবে। এমনকি সবথেকে বড় ব্যাপার, সরকার এই প্রকল্পের জন্য মোট ৩.১৫ লক্ষ কোটি টাকা বাজেট বরাদ্দ করেছে।
পিএম কিষান নিয়ে বড় ঘোষণা
আগে থেকেই জানিয়ে রাখি, প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা প্রকল্পের আওতায় যোগ্য কৃষকরা প্রতি বছর ৬০০০ টাকা করে আর্থিক সহায়তা পেয়ে থাকেন। এই টাকা সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয়। তবে তিনটি কিস্তির মাধ্যমেই মেলে এই টাকা। প্রতি কিস্তিতে মেলে ২০০০ টাকা। আর এই অর্থ সহায়তা দিয়ে কৃষকরা তাদের চাষবাস চালিয়ে যেতে সক্ষম হন। সরকার আগামী পাঁচ বছরে এই প্রকল্পের জন্য মোট ৩ লক্ষ ১৫ হাজার ৬১৪ কোটি টাকা বরাদ্দ করেছে। সরকারের দাবি, এই প্রকল্পের আওতায় কৃষকরা আগের মতোই সুবিধা পাবেন।
এমনকি সরকারের মতে, এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের আর্থিক অবস্থা আরও উন্নত হবে। আর সবথেকে বড় ব্যাপার, এই প্রকল্পের কিস্তি কৃষকদের অ্যাকাউন্টে ঠিক এমন সময় দেওয়া হয় যখন কৃষকদের বীজ, সার, কীটনাশক কিংবা অন্যান্য উপকরণ কেনার প্রয়োজন পড়ে। সেই ক্ষেত্রে কৃষকরা সরাসরি এই প্রকল্পের অর্থ সহায়তা দিয়েই তা মেটান। এমনকি এর ফলে কৃষকদের চড়া হারে সুদ দিয়ে লোন নেওয়ার কোনও দরকার পড়ে না।
আরও পড়ুন: ২৫ দিনের মধ্যে ছাড়তে হবে দোকান, এসপ্ল্যানেড খালি করতে ৫০০ ব্যবসায়ীকে নোটিশ
সরকারের তরফ থেকে আরও জানানো হয়েছে, পিএম কিষান প্রকল্পের আওতায় বেশিরভাগ সুবিধাভোগী ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষক। এমনকি এখনও পর্যন্ত এই প্রকল্পের মোট ২৩টি কিস্তি কৃষকদের অ্যাকাউন্টে প্রদান করা হয়েছে। আর তার আওতায় কেন্দ্রীয় সরকারের মোট ব্যয় হয়েছে ৪.৪৭ লক্ষ কোটি টাকারও বেশি। এমনকি নীতি আয়োগের একটি তথ্য অনুযায়ী, এই প্রকল্পের সুবিধা পেয়ে কৃষকরা বার্ষিক আয় আরও কয়েক গুণ বাড়িয়েছে। পাশাপাশি ভবিষ্যতে কৃষকরা আরও উন্নতি লাভ করতে পারবেন বলেই মত ওয়াকিবহাল মহলের। এই কারণেই কেন্দ্রের তরফ থেকে আরও ৫ বছর বাড়ানো হল এই প্রকল্পের মেয়াদ।