সৌভিক মুখার্জী, কলকাতা: ক্ষমতায় থাকাকালীন প্রত্যেকটি খাতে দুর্নীতি করেছে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। তার প্রমাণ এখন একে একে দিচ্ছে রাজ্য সরকার। সরকারি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে বহু তৃণমূল নেতার বিরুদ্ধে। তবে গতকাল বিল্ডার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার তরফ থেকে জানানো হয়েছে, ঠিকাদারদের বকেয়া অর্থ পরিশোধের বিষয়টি তৎকালীন সরকার পর্যালোচনা না করায় গোটা বাংলা জুড়ে পরিকাঠামো ও জনসেবামূলক প্রকল্প থমকে গিয়েছিল। এমনকি চলতি বছরের মে মাস পর্যন্ত প্রায় পঞ্চাশ হাজার কোটি টাকা বকেয়া ছিল বলেও দাবি সংস্থার।
তৃণমূলের বিরুদ্ধে ফের বিস্ফোরক অভিযোগ
রাজ্য সরকারি ঠিকাদারদের প্রায় ৫০ হাজার কোটি টাকা বকেয়া আটকে থাকায় থমকে গিয়েছে একাধিক গুরুত্বপূর্ণ পরিকাঠামো এবং জনকল্যাণমূলক প্রকল্পের কাজ। এমনটা অভিযোগ তুলেই বিল্ডার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার পূর্বাঞ্চলীয় শাখা সেই বকেয়া মেটানোর দাবি জানিয়েছে। চলতি বছরের মে মাস পর্যন্ত ঠিকাদারদের বকেয়া টাকার পরিমাণ প্রায় ৫০ হাজার কোটি টাকা। এমনকি টাকার অভাবে জল জীবন মিশন থেকে শুরু করে পথশ্রী, আমাদের পাড়া আমাদের সমাধানের মতো একাধিক প্রকল্পের কাজ থমকে গিয়েছে বলেও অভিযোগ।
এদিকে রাজ্যে পালাবদলের পরপরই নতুন সরকার দায়িত্ব নিয়ে ১১৮টি পুরসভা এবং কর্পোরেশনের বকেয়া পেমেন্ট স্থগিত করে দেয়। তৃণমূল সরকারের আমলে কাজের মান, বেআইনি টেন্ডার এবং কাটমানির অভিযোগ খতিয়ে দেখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি বর্তমানে প্রতিটি কাজের পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনার পর কেস-টু-কেস ভিত্তিতে টাকা ছাড়ছে বর্তমান সরকার। এমনকি ২০২৬-র মে মাসের আগের ছয় মাসের টেন্ডারগুলোর উপর কড়া নজরদারি চালাচ্ছে নবান্ন।
আরও পড়ুন: এরা পাবে ওবিসি সংরক্ষণের সুবিধা, বড় রায় কলকাতা হাইকোর্টের
এ বিষয়ে ওই সংস্থার পূর্বাঞ্চলীয় সম্পাদক রাজা মুখোপাধ্যায় জানিয়েছেন, আগের সরকারের দুর্নীতির শাস্তি সাধারণ ঠিকাদারদের পাওয়া উচিত নয়। পর্যাপ্ত তহবিলের অভাবে ঠিকাদারদের পাশাপাশি সাধারণ মানুষকেও ভুগতে হচ্ছে। পাশাপাশি গত জুলাই মাসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে চিঠি দিয়ে বকেয়া মেটানো, রেট সিডিউল সংশোধন, বালি-পাথরের টেন্ডার বাতিল এবং স্বচ্ছতা ফেরানোর দাবি জানিয়েছে বিল্ডার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া। ইতিমধ্যেই নতুন সরকার পূর্ত দফতরের রেট সিডিউল সংশোধন করে কেন্দ্রীয় হারে তা ধার্য করেছে। এমনকি অন্যান্য দফতরগুলিতেও সংশোধন করা হবে বলে অনুমান বিশেষজ্ঞদের।