আনিষা চৌধুরী, কলকাতা: রাজ্যের মহিলাদের আর্থিকভাবে সাহায্য করতে অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) মাধ্যমে প্রতি মাসে প্রত্যেক মহিলাকে ৩,০০০ টাকা করে দিয়ে থাকে রাজ্য সরকার। এই আর্থিক সহায়তার উপর নির্ভর করেন বহু মহিলা। বিগত কয়েক মাস ধরে সাধারণত মাসের ১৬-১৭ তারিখ নাগাদ উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা জমা পড়ছিল। কিন্তু নভেম্বর মাসে সেই সময়সূচিতে বদল দেখা যাচ্ছে। কারণ, ৬ নভেম্বর থেকেই বহু মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩,০০০ টাকা ঢুকেছে বলে খবর। আপনার অ্যাকাউন্টে কি এখনও টাকা আসেনি? তাহলে কী করবেন, জেনে নিন।
টাকা না ঢোকার সম্ভাব্য কারণ
অন্নপূর্ণা যোজনার টাকা ৬ নভেম্বর থেকে পাঠানো শুরু হলেও প্রত্যেকের অ্যাকাউন্টে একই দিনে টাকা জমা পড়বে, এমনটা নয়। কয়েকটি প্রশাসনিক ও ব্যাঙ্ক সংক্রান্ত সমস্যার কারণে আপনার টাকা আটকে থাকতে পারে। যেমন,
- ব্যাঙ্ক অ্যাকাউন্টে DBT সক্রিয় না থাকা
- আধার ও ব্যাঙ্কের তথ্যে অমিল
- ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিষ্ক্রিয় থাকা
- আবেদন যাচাই সম্পূর্ণ না হওয়া
- প্রকল্পের যোগ্যতার শর্ত পূরণ না করা
অন্নপূর্ণা যোজনার টাকা পেতে কী করবেন?
আপনার অ্যাকাউন্টে এখনও নভেম্বর মাসের ৩,০০০ টাকা না ঢুকলে অযথা চিন্তা না করে কয়েকটি বিষয় যাচাই করে নিন। প্রয়োজনে নিচের পদক্ষেপগুলি অনুসরণ করতে পারেন।
- ব্যাঙ্কের পাসবুক আপডেট করুন: ব্যাঙ্কে গিয়ে পাসবুক আপডেট করিয়ে নিন। অনেক সময় টাকা জমা পড়লেও মোবাইলে মেসেজ আসে না। তাই লেনদেনের বিবরণ ভালো করে পরীক্ষা করুন।
- আধার ও DBT সংযোগ পরীক্ষা করুন: আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক রয়েছে কি না এবং DBT পরিষেবা সক্রিয় কি না, তা ব্যাঙ্কে গিয়ে নিশ্চিত করুন।
- আবেদনের স্ট্যাটাস যাচাই করুন: সরকারি পোর্টালে নিজের আবেদনের বর্তমান অবস্থা দেখে নিন। আবেদন Pending, Approved নাকি অন্য কোনও পর্যায়ে রয়েছে, তা জানার চেষ্টা করুন।
- ব্যাঙ্কের তথ্য সংশোধন করুন: অ্যাকাউন্ট নম্বর, নাম বা আধার সংক্রান্ত কোনও ভুল থাকলে সংশ্লিষ্ট ব্যাঙ্কের শাখায় গিয়ে তা ঠিক করান।
- প্রয়োজনে BDO অফিসে যোগাযোগ করুন: সব তথ্য ঠিক থাকার পরেও টাকা না এলে আধার কার্ড, ব্যাঙ্কের পাসবুক ও আবেদনের তথ্য নিয়ে সংশ্লিষ্ট BDO অফিসে যোগাযোগ করুন। শহরাঞ্চলের উপভোক্তারা সংশ্লিষ্ট প্রশাসনিক দফতর বা পুরসভায় খোঁজ নিতে পারেন।
- অভিযোগ জানান: অন্নপূর্ণা যোজনা সংক্রান্ত সমস্যার জন্য ৮২৮২০৮২৮২০ নম্বরে যোগাযোগ করা যেতে পারে। এছাড়া [email protected] ঠিকানায় ইমেল পাঠিয়েও অভিযোগ জানানো যায়।
তাড়াহুড়োর বশে এই ভুলগুলি করবেন না
রাজ্যের বহু মহিলা এই আর্থিক সহায়তার উপর নির্ভরশীল। তাই প্রতি মাসে ৩,০০০ টাকা পাওয়ার আশায় অনেকেই প্রতারকদের ফাঁদে পড়তে পারেন। সরকারি প্রকল্পের টাকা পাইয়ে দেওয়ার নাম করে কেউ যাতে আপনার ব্যাঙ্কের তথ্য হাতিয়ে নিতে না পারে, সেদিকে বিশেষ নজর রাখুন।
- কাউকে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টের OTP জানাবেন না।
- ATM PIN, UPI PIN বা ব্যাঙ্কের পাসওয়ার্ড কারও সঙ্গে শেয়ার করবেন না।
- টাকা আটকে রয়েছে বলে কেউ কোনও অচেনা লিঙ্ক পাঠালে তাতে ক্লিক করবেন না।
- টাকা দ্রুত পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে কেউ কমিশন বা অতিরিক্ত টাকা চাইলে তা দেবেন না।
- অচেনা ব্যক্তির হাতে আধার কার্ড, ব্যাঙ্কের নথি বা ব্যক্তিগত তথ্য তুলে দেবেন না।
- ফোনে কেউ ব্যাঙ্কের আধিকারিক বা সরকারি কর্মী পরিচয় দিলেও যাচাই না করে কোনও গোপন তথ্য দেবেন না।
আরও পড়ুন: স্বাধীনতার পর প্রথমবার আলো জ্বলল সুমিতনগরের ১৬টি পরিবারে! কথা রাখল বিজেপি সরকার
৬ নভেম্বর আপনার অ্যাকাউন্টে টাকা ঢোকেনি মানেই আপনি অন্নপূর্ণা যোজনার তালিকা থেকে বাদ পড়েছেন, এমনটা একেবারেই ভাববেন না। পেমেন্ট প্রক্রিয়া ও নথি যাচাইয়ের কারণে টাকা জমা পড়তে কিছুটা সময় লাগতে পারে। তাই ধৈর্য ধরুন, নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও আবেদনের তথ্য যাচাই করুন। কোনও সমস্যা থাকলে নির্দিষ্ট দফতরে যোগাযোগ করুন।