বাংলাদেশকে বাদ দিয়ে অন্য দেশ নিয়ে T20 বিশ্বকাপ? ভাবছে ICC

What will ICC do if Bangladesh will not participate In ICC 2026 T20 World Cup

বিক্রম ব্যানার্জী, কলকাতা: মুস্তাফিজুর রহমানকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে বাদ দেওয়া নিয়ে পদ্মা দিয়ে জল গড়িয়েছে অনেক। ফিজ বিতর্কের মাঝেই আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে (ICC 2026 T20 World Cup) বাংলাদেশের অংশগ্রহণ হয়ে পড়েছে অনিশ্চিত। ভারতের বদলে শ্রীলঙ্কায় বিশ্বকাপ খেলতে চেয়ে ইতিমধ্যেই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে একাধিক চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে সেই চিঠির পরিপ্রেক্ষিতে জয় শাহের সংস্থা খুব পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে, বিশ্বকাপ খেলতে হলে ভারতেই আসতে হবে পদ্মা পাড়ের দলটিকে। এর মাঝে বাংলাদেশ আবার আয়ারল্যান্ডের সাথে বিশ্বকাপের গ্রুপ অদল বদল করে নেওয়ার আবেদন রেখেছিল। সেই আবেদনে ICC যে রাজি হচ্ছে না তা বলাই যায়। এমতাবস্থায়, প্রশ্ন উঠছে শেষ পর্যন্ত বাংলাদেশ বিশ্বকাপ না খেললে কোন পথে হাঁটবে বিশ্ব ক্রিকেট সংস্থা?

বাংলাদেশ বিশ্বকাপ না খেললে কী করবে ICC?

বিশ্বকাপে অংশগ্রহণ করতে মুখিয়ে রয়েছে বাংলাদেশ। তবে ভারতে এসে ক্রিকেট খেলার প্রশ্নে তারা পিছিয়ে যাচ্ছে। নতুন করে বিশ্বকাপের গ্রুপ বদলের পরামর্শ দিয়েছিল BCB। ওপার বাংলার ক্রিকেট বোর্ডের আবেদন ছিল, আয়ারল্যান্ডকে সি গ্রুপে পাঠিয়ে বাংলাদেশ দলকে বি গ্রুপে জায়গা দেওয়া হোক। এর ফলে লিটন দাসরা তাদের ম্যাচ শ্রীলঙ্কায় খেলার সুযোগ পাবে। তবে আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, তাদের গ্রুপ বদলের কোনও প্রয়োজন নেই। এমনিতেই নাকি তারা শ্রীলঙ্কায় খেলবে। এ নিয়ে অবশ্য ICC কিছুই জানায়নি। তবে সূত্রের যা খবর, বিশ্ব ক্রিকেট সংস্থাও বাংলাদেশের এই দাবিতে সম্মত হবে না।

বাংলাদেশ যদি শেষ পর্যন্ত বিশ্বকাপে অংশগ্রহণ না করে। সেক্ষেত্রে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের কাছে দুটো রাস্তা খোলা থাকবে। প্রথমটি, জয় শাহদের সংস্থা হয়তো বাংলাদেশের অনুপস্থিতিতে তাদের প্রতিপক্ষ দলগুলিকে ওয়াকওভার দিয়ে দেবে। সেক্ষেত্রে ম্যাচে না নেমেই পূর্ণ পয়েন্ট পেয়ে যাবে দলগুলি। তবে ICC যদি এই পথে না হেঁটে সেক্ষেত্রে তারা বাংলাদেশের বিকল্প হিসেবে যে কোনও একটি দেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপে অন্তর্ভুক্ত করতে পারে। হিসেব বলে, বাংলাদেশ না থাকলে বিশ্বকাপে 20 দলের বদলে 19 দল নিয়ে খেলতে হয় ICC কে। কাজেই একটি দলের শূন্যস্থান ভরাট করতে হিসেবে অযোগ্য দেশকে সুযোগ দিতে পারে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা।

অবশ্যই পড়ুন: শেষ ওয়ানডেতে টিম ইন্ডিয়ায় সুযোগ পেয়েই দম দেখালেন অর্শদীপ

বিশ্বকাপে সুযোগ পেতে পারে এই দেশগুলির একটি

অনেকেরই মনে থাকবে, 2009 সালে জিম্বাবুয়ে রাজনৈতিক কারণের জন্য ইংল্যান্ডে দল পাঠায়নি। যার ফলে সে বছর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল স্কটল্যান্ডকে চ্যাম্পিয়নস ট্রফিতে ঢুকিয়ে নিয়েছিল। সূত্রের খবর, বাংলাদেশ বিশ্বকাপ না খেললে সেই পথেই হাঁটতে পারে ICC। সে ক্ষেত্রে বাংলাদেশের বদলি হিসেবে বিশ্ব ক্রিকেট সংস্থার প্রথম পছন্দ হতে পারে স্কটল্যান্ড। ইউরোপীয় দেশগুলির মধ্যে অন্যতম ক্রিকেট দল স্কটল্যান্ড। সবচেয়ে বড় কথা এই দেশ ICC র অ্যাসোসিয়েট সদস্য। ফলে বাংলাদেশের বিকল্প হিসেবে স্কটল্যান্ড এর বিশ্বকাপ খেলার সুযোগ থাকছে। স্কটল্যান্ড দল না খেললে ICC র নজরে থাকতে পারে, জার্সি, হংকং, বারমুডা বা পাপুয়া নিউগিনীর মতো দেশগুলি। যদিও একটি অযোগ্য দেশকে বিশ্বকাপের জায়গা দেওয়াটা আক্ষরিক অর্থে কঠিন কাজ।

Leave a Comment