পশ্চিমী ঝঞ্ঝার জেরে থমকাল শীত, দক্ষিণবঙ্গের ৭ জেলায় আবার অন্য খেলা! আজকের আবহাওয়া

South Bengal Winter Weather Today

সহেলি মিত্র, কলকাতাঃ ফের অক্ষরে অক্ষরে মিলে গেল আবহাওয়া অফিসের পূর্বাভাস। সপ্তাহের প্রথমদিনই ঊর্ধ্বমুখী হল বাংলার পারদ। জানুয়ারির প্রথমার্ধে রাজ্যে স্বাভাবিকের নিচে তাপমাত্রা থাকার পর আবহাওয়া অফিস জানিয়েছে যে আজ সোমবার থেকে আগামী কয়েকদিনের মধ্যে দক্ষিণবঙ্গ জুড়ে পারদ বাড়তে পারে। আগামী কয়েক ঘন্টায় কলকাতা এবং রাজ্য জুড়ে তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে। এমনকি সরস্বতী পুজোর সময়টাও বেশ গরম আবহাওয়ার মধ্যে দিয়েই কাটতে পারে রাজ্যবাসীর। হ্যাঁ তবে একদম কাটফাটা গরম হবে সেটা ভাবাও কিন্তু ভুল। যাইহোক, আর দেরি না করে চলুন জেনে নেওয়া যাক আজ সারাদিন বাংলার আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই আসা যাক দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Today) প্রসঙ্গে। আজ সোমবার দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ঘন কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া এবং পশ্চিম বর্ধমানের জন্য কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও হুগলি, পূর্ব বর্ধমান এবং উত্তর ২৪ পরগনায় রবিবারও ঘন কুয়াশা পড়তে পারে। নতুন সপ্তাহে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা বৃদ্ধির প্রবণতা থাকবে। পশ্চিমের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১০ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। যদিও বৃহস্পতিবার রাতে পশ্চিমের কোনও কোনও জেলায় সামান্য পারদ পতনের সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবারের পর আরও ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে। অতএব, আসন্ন সরস্বতী পুজোর দিন অর্থাৎ ২৩ জানুয়ারি কলকাতাবাসী কিছুদিন আগে অবধি যে পরিমাণে কনকনে ঠান্ডা আবহাওয়া ছিল তা মিস করবেন। প্রশ্ন উঠতেই পারে, জানুয়ারি মাসের শেষদিকে তাপমাত্রা কেন বাড়ছে? আলিপুর আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, টানা পশ্চিমা ঝঞ্ঝার কারণে তাপমাত্রার এই ওঠানামা। তাহলে কি এই ঝঞ্ঝা কেটে গেলে ফের শীত ফিরে আসবে? এই বিষয়ে এখনই কিছু বলতে রাজি নয় হাওয়া অফিস।

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে। উত্তরবঙ্গে আজ থেকে আগামী এক সপ্তাহে আবহাওয়ায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। আগামী পাঁচ দিনে উত্তরবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রার কোনও বড় হেরফের হবে না। উত্তরবঙ্গের মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, কোচবিহার, জলপাইগুড়ি এবং দার্জিলিং জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা বেশি। এই সমস্ত জেলায় কুয়াশার কারণে দৃশ্যমানতা নেমে যেতে পারে ৫০ মিটার পর্যন্ত। যদিও আজ বেশি শীতের প্রকোপ থাকতে পারে দার্জিলিং এবং কালিম্পং জেলায়।

 

Leave a Comment