‘ধীরে ধীরে অবসর নেওয়া উচিৎ’ রাজনীতিকে বিদায় জানাচ্ছেন নীতিন গড়করী? বাড়ল জল্পনা

Nitin Gadkari

প্রীতি পোদ্দার, কলকাতা: বিগত বহু বছর ধরেই প্রশ্ন ঘোরাফেরা করছে যে, ৭৫ বছর পূর্ণ নরেন্দ্র মোদী কবে রাজনীতি থেকে বেরিয়ে আসবেন। কিন্তু প্রতিবারই আরএসএস কিংবা বিজেপির তরফে স্পষ্ট বোঝানো হয়েছে, আপাতত ২০২৯ সাল পর্যন্ত নরেন্দ্র মোদী এবং অমিত শাহ কেউই অবসর নিচ্ছেন না। এমতাবস্থায় ফের দেশের রাজনীতিতে বৃদ্ধতন্ত্রের অবসানের পক্ষে সওয়াল তুললেন কেন্দ্রীয় পরিবহণমন্ত্রী নীতিন গড়করী (Nitin Gadkari)। প্রবীণদের জন্য জায়গা ছেড়ে দেওয়ার বার্তা তুলে ধরলেন।

বৃদ্ধতন্ত্রের অবসানের প্রসঙ্গ তুললেন নীতিন গড়করী

টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী, গতকাল অর্থাৎ রবিবার, নাগপুরে এক শিল্প উৎসবে যোগ দিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করী। এই উৎসবের আয়োজক ছিলেন অ্যাসোসিয়েশন ফর ইন্ডাস্ট্রিয়াল ডেভলপমেন্টের সভাপতি আশিস কালে। আর সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পরিবহণমন্ত্রী নীতিন গড়করী। সেখানে তিনি এক সাংবাদিক সম্মেলন করেন। বৈঠকে উঠে আসে দেশের রাজনীতিতে বৃদ্ধতন্ত্রের অবসানের প্রসঙ্গ। জবাবে কেন্দ্রীয় মন্ত্রী জানান, দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সময়মতো নেতৃত্বের ভার নতুন প্রজন্মের হাতে তুলে দেওয়া উচিত।

তরুণ প্রজন্মকে এগিয়ে আসার বার্তা নীতিন গড়করীর

গতকাল নাগপুরে শিল্প উৎসবের আয়োজন নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করী বলেন, “বিশেষ এই উদ্যোগে দেশের তরুণ প্রজন্ম সক্রিয়ভাবে যুক্ত। অনুষ্ঠানের আয়োজক আশিস কালের বাবা আমার অনেকদিনের বন্ধু। আমি বিশ্বাস করি এখন আমাদের ধীরে ধীরে অবসর নেওয়া উচিত। এবং নতুন প্রজন্মের কাছে দায়িত্ব হস্তান্তর করা উচিত।” তাঁর আরও সংযোজন, “যখন একটি ব্যবস্থা সুচারুভাবে চলতে থাকবে তখনই অবসরের জন্য আদর্শ সময়।” এদিকে এই মন্তব্যে স্বভাবতই পর্যবেক্ষক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে, ওয়াকিবহাল মহল মনে করছে, এর নেপথ্যে গূঢ় তত্ত্ব রয়েছে। RSS সংঘে প্রায়ই দেখা গিয়েছে, ৭৫ বছর পূর্ণ হতেই গুরুত্বপূর্ণ পদ ছেড়ে দিয়েছেন বিশিষ্টরা। যাদের মধ্যে অন্যতম হলেন লালকৃষ্ণ আডবানি, মুরলি মনোহর জোশী, যশবন্ত সিং প্রমুখ।

আরও পড়ুন: ‘বেছে বেছে মুসলিমদের হয়রানি করা হচ্ছে’ এবার জ্বলে উঠল বাসন্তী, হাইওয়েতে বিক্ষুব্ধ জনতা

জানা গিয়েছে, গত বছর সেপ্টেম্বরেই ৭৫ পূর্ণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিকে ওই সেপ্টেম্বরেই ৭৫ পূর্ণ করেছেন আরএসএস প্রধান মোহন ভাগবত। শোনা যাচ্ছে, তিনি আর আরএসএস প্রধানের পদে থাকতে চান না বলে ব্যক্তিগত মহলে জানিয়েছেন। বলেছিলেন, ‘বয়স ৭৫ হলে থেমে যাওয়া উচিত’। তবে মোদির ক্ষেত্রে তেমনটা হয়নি। তাঁর অবসরের যাবতীয় জল্পনা খারিজ হয়েছিল। সেক্ষেত্রে মোদিকে নিশানা করেই নীতিন এই মন্তব্য করেছেন বলে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক শিবিরে।

Leave a Comment