প্রীতি পোদ্দার, কলকাতা: গত কয়েকদিন ধরেই হাড়কাঁপানো ঠাণ্ডায় জমে গিয়েছিল রাজ্যবাসী। তাপমাত্রা ১০-১১ তে নেমে গিয়েছিল। তবে এবার সেই শীতে ভাটা পড়তে চলেছে। কারণ আজ অর্থাৎ সোমবার থেকেই দক্ষিণবঙ্গে (South Bengal) চড়তে শুরু করেছে তাপমাত্রার পারদ। পশ্চিমী ঝঞ্ঝার জেরে উত্তুরে হাওয়ার দাপট কমতে শুরু করেছে। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, কেমন থাকবে সরস্বতী পুজোর আবহাওয়া।
হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে যেহেতু পরপর পশ্চিমী ঝঞ্ঝা আসছে তাই আচমকাই থমকে যাচ্ছে উত্তুরে হাওয়া। জানা গিয়েছে আজ অর্থাৎ সোমবার কাশ্মীরে ঢুকছে পশ্চিমী ঝঞ্ঝা। বুধে ফের উত্তর-পশ্চিম ভারতে আরেকটি ঝঞ্ঝা প্রবেশের কথা। এরফলে আগামী ৩ দিনে ৩ ডিগ্রি পর্যন্ত চড়তে পারে পারদ। বুধবারের মধ্যে রাতের তাপমাত্রাও প্রায় ৩ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত বাড়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবেই সরস্বতী পুজোর দিন থেকেই টের পাওয়া যাবে উষ্ণতা। একেবারে শীতের আমেজও গায়েব হতে পারে। এক নজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ মঙ্গলবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ৩ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বেড়ে যেতে পারে। পশ্চিমের জেলাগুলিতে এই সময়ে সর্বনিম্ন তাপমাত্রা ১০ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। অন্যদিকে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৪-১৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। তবে এখনই পুরোপুরি কমবে না শীত। অন্যদিকে কুয়াশা সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গের হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনায়। ঘন কুয়াশার জেরে কোন কোন জেলায় দৃশ্যমানতা ৫০-এ নেমে যেতে পারে।
আরও পড়ুন: ‘ধীরে ধীরে অবসর নেওয়া উচিৎ’ রাজনীতিকে বিদায় জানাচ্ছেন নীতিন গড়করী? বাড়ল জল্পনা
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
দক্ষিণবঙ্গের শীত কমলেও আবহাওয়া দফতর জানাচ্ছে উত্তরবঙ্গে এখনও বেশ ভালই ঠান্ডা রয়েছে। দার্জিলিং সহ পাহাড়ের অধিকাংশ জায়গাতেই অনুভূত হচ্ছে কনকনে শীত। তবে উত্তরবঙ্গের নীচের অংশে তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে থাকবে। পাশাপাশি দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদার কোথাও কোথাও ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা ৫০ মিটার পর্যন্ত নেমে আসতে পারে।