ওয়ানডের হারের বদলা নেওয়ার প্রস্তুতি, প্রথম T20-তে কেমন হবে ভারতের একাদশ?

India Vs New Zealand India’s possible playing 11 for first match

বিক্রম ব্যানার্জী, কলকাতা: প্রথমবারের মতো ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে ওয়ানডে সিরিজ হেরেছে ভারত। পরাজয়ের সেই যন্ত্রনা আজও বুকে পিঠে বহন করে চলেছেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। বিরাটদের হারের যন্ত্রণায় মলম পড়বে তখনই যখন গোটা টি-টোয়েন্টি সিরিজে কিউইদের একপ্রকার জবাই করে জয়ের পতাকা ওড়াবে ভারত। আগামীকাল অর্থাৎ 21 জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া ভারত বনাম নিউজিল্যান্ড টি টোয়েন্টি সিরিজে (India Vs New Zealand) সূর্যকুমার যাদবদের হাতে সুযোগ রয়েছে পরাজয় যন্ত্রনা ভোলানোর। সেক্ষেত্রে প্রথম ম্যাচে কোন একাদশকে ব্রহ্মাস্ত্র বানাবেন স্কাই?

ভারত বনাম নিউজিল্যান্ড টি-টোয়েন্টি সিরিজ সূচি

ভারত বনাম নিউজিল্যান্ড টি টোয়েন্টি সিরিজের প্রত্যেকটি ম্যাচই অনুষ্ঠিত হবে ভারতীয় সময় সন্ধ্যা 7টা থেকে। সেই মতোই 6:30 মিনিটে গড়াবে টস পর্ব। বলে রাখি, 5 ম্যাচের প্রথমটি অনুষ্ঠিত হবে আগামীকাল অর্থাৎ 21 জানুয়ারি নাগপুরে। এরপর দ্বিতীয় ম্যাচ গড়াবে 23 জানুয়ারি রায়পুরে। তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে গুয়াহাটিতে, আগামী 25 জানুয়ারি। প্রথম তিন ম্যাচের পর চতুর্থ ম্যাচ অনুষ্ঠিত হবে 28 জানুয়ারি বিশাখাপত্তনমে এবং পঞ্চম অর্থাৎ শেষ ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে 31 জানুয়ারি তিরুবন্তপুরমে। বিশ্বকাপের আগে এই সিরিজই হতে চলেছে দু দলের চূড়ান্ত প্রস্তুতি ক্ষেত্র।

ওপেনিং করবেন কারা?

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের দলে নেই শুভমন গিল। ফলে, কিউইদের বিরুদ্ধে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের কমবেশি সবকটি ম্যাচেই ওপেনিং করতে দেখা যেতে পারে অভিষেক শর্মা এবং সঞ্জু স্যামসনকে। সব ঠিক থাকলে, প্রথম ম্যাচে ব্যাট হাতে ঝড় তুলতে পারেন টিম ইন্ডিয়ার এই দুই ধুরন্ধর।

মিডল অর্ডারে কারা?

একাধিক রিপোর্ট অনুযায়ী, নিউজিল্যান্ডের সামনে প্রথম ম্যাচে ভারতের মিডল অর্ডার সামলাতে তিন নম্বরে নামানো হতে পারে ইশান কিষাণকে। চতুর্থ নম্বরে ব্যাট করতে নামতে পারেন সূর্যকুমার যাদব, এরপর হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, রিঙ্কু সিং এবং শিবম দুবেকে নামানো হতে পারে। যদিও, ভারতের টি-টোয়েন্টি দলের হয়ে প্রথম তিন ম্যাচের জন্য উপলব্ধ রয়েছেন শ্রেয়স আইয়ারও। তবে তাঁকে প্রথম ম্যাচে নামানো হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে।

বোলিং বিভাগে কারা?

নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের অল্প রানে বেঁধে রাখতে বোলিং বিভাগে বিশেষ নজর দিয়েছে ভারত। স্কোয়াডে রয়েছেন, জসপ্রীত বুমরাহ, কুলদীপ যাদব, হর্ষিত রানা, অর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী এমনকি রবি বিষ্ণোইয়ের মতো বোলার। তবে এই শক্তিশালী বোলিং বিভাগ থেকে প্রথম ম্যাচে থাকতে পারেন বরুণ চক্রবর্তী, বুমরাহ এবং অর্শদীপ সিং।

অবশ্যই পড়ুন: সুপার সানডেতে দু’বার মুখোমুখি হবে ভারত-পাকিস্তান

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের প্রথম ম্যাচের সম্ভাব্য একাদশ

অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেট কিপার), ইশান কিষাণ, সূর্যকুমার যাদব (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, রিঙ্কু সিং, শিবম দুবে, জসপ্রীত বুমরাহ, অর্শদীপ সিং এবং বরুণ চক্রবর্তী।

Leave a Comment