বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতে খেলতে আসা নিয়ে কারও কথা শুনতে চায় না বাংলাদেশ (Bangladesh Team T20 World Cup)। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে আগেই ওপার বাংলার ক্রিকেট বোর্ড জানিয়ে দিয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে এদেশে আসবে না তারা। সেজন্য বিকল্প ভেন্যু হিসেবে শ্রীলঙ্কার নাম প্রস্তাব করেছিল BCB। তবে ICC খুব পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে, বিশ্বকাপ খেলতে হলে ভারতেই আসতে হবে মুস্তাফিজুর রহমানদের। বিশ্বকাপে অংশ নেবে কিনা তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর শেষ দিন আজ। তবে বাংলাদেশ প্রতিবেদনটি লেখার আগে পর্যন্ত কিছুই জানায়নি। ফলে প্রশ্ন থাকছে, বিশ্বকাপ না খেললে শাস্তি পাবে পদ্মা পাড়ের ক্রিকেট দল?
বিশ্বকাপ না খেললে কঠিন শাস্তি পেতে পারে বাংলাদেশ
বুধবারের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে চূড়ান্ত সিদ্ধান্ত না জানানো মানে, বাংলাদেশ বিশ্বকাপ খেলছে না। আর শেষ পর্যন্ত যদি সেটা হয় তবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের লাল চোখ দেখতে হবে বাংলাদেশকে। ক্রিকেট মহল সূত্রে যা খবর, মুস্তাফিজুররা যদি বিশ্বকাপ না খেলেন সেক্ষেত্রে পরবর্তী বিশ্বকাপে খেলা নিয়ে সমস্যায় পড়তে পারে বাংলাদেশ দল। এখানেই শেষ নয়, ICC র তরফে কঠিন শাস্তি বাবদ নির্বাসন পেতে পারে পদ্মা পাড়ের দল। আর যদি সেটা হয় তবে তা বাংলাদেশ ক্রিকেটের জন্য বড়সড় ধাক্কা হবে সেটা বলাই যায়।
যদিও বিশ্বকাপে অংশগ্রহণ না করে বাংলাদেশ ক্রিকেট দল নির্বাসন পেলে তা কতদিনের জন্য হবে সেটা ঠিক করবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের বোর্ড। অনেকেই মনে করছেন, বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে ICC র বিরুদ্ধাচরণ করায় শুধু টি-টোয়েন্টি বিশ্বকাপ নয় বরং আগামী বছর ওয়ানডে বিশ্বকাপের ক্ষেত্রেও সরাসরি অংশগ্রহণে সমস্যা হবে বাংলাদেশের। এর অন্যতম কারণ বিশ্বকাপে যোগ্যতা অর্জন করার প্রধান মাপকাঠি র্যাংকিং। যেখানে বাংলাদেশ এই মুহূর্তে দশ নম্বরে রয়েছে। সে ক্ষেত্রে ওয়ানডে সিরিজে না খেলতে পারলে বিরাট ক্ষতি হবে বাংলাদেশের।
অবশ্যই পড়ুন: হাওড়া ডিভিশনে ফের বাতিল ট্রেন, ঘোরানো হল একাধিক এক্সপ্রেস, বিজ্ঞপ্তি পূর্ব রেলের
প্রসঙ্গত, বেশ কয়েকটি সূত্র দাবি করছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি শেষ পর্যন্ত বিশ্বকাপ বয়কট করে দেয় তবে ওপার বাংলার ক্রিকেট দলের ওপর যে নির্বাসন চাপবে তা দীর্ঘমেয়াদি হতে পারে। এদিকে, বাংলাদেশকে ক্রিকেটে টিকে থাকতে হলে আসন্ন ওয়ানডে বিশ্বকাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সব মিলিয়ে বলাই যায়, ভারতের সাথে দ্বন্দ্বে জড়িয়ে বিরাট ক্ষতির মুখে বাংলাদেশ!