বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হতে এখনও বেশ খানিকটা দেরি। কিছুদিন আগেই মুস্তাফিজুর রহমানকে প্রবল বিতর্কের মুখে ছেড়ে দিতে বাধ্য হয়েছে কলকাতা নাইট রাইডার্স। এবার তারা সই করাচ্ছে নতুন কোচ (KKR New Coach)। হ্যাঁ, আসন্ন সিজনের জন্য ফিল্ডিং কোচ ঠিক করে ফেলেছে শাহরুখ খানের দল। জানা যাচ্ছে, সব ঠিক থাকলে রাজস্থানের প্রাক্তন উইকেট কিপার ব্যাটসম্যান দিশান্ত ইয়াগনিককে দেখা যাবে কলকাতার ফিল্ডিং কোচের ভূমিকায়। বলে রাখি, টানা চার বছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে এই তারকার।
কেন হঠাৎ দিশান্তকেই বেছে নিচ্ছে KKR?
এর আগে 2018 থেকে 2025 সাল পর্যন্ত রাজস্থানের ফিল্ডিং কোচ ছিলেন দিশান্ত। বর্তমানে জম্মু ও কাশ্মীর ক্রিকেট দলের সঙ্গে পুরোপুরি যুক্ত রয়েছেন তিনি। এছাড়াও নিজের কোচিং কেরিয়ারে পুদুচেরি দলকে রঞ্জি ট্রফিতে কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে তাঁর। এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কোচ হিসেবে পা রাখতে চলেছেন তিনি। তিনবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের দায়িত্ব হাতে পেলে কীভাবে সেই দায়িত্ব পালন করেন এখন সেটাই দেখার। অনেকেরই প্রশ্ন, কেন দিশান্তকেই ফিল্ডিং কোচ করলো KKR? বেশ কয়েকটি সূত্র মারফত খবর, ভারতীয় তারকার কোচিং কেরিয়ার এবং ক্রিকেটে তাঁর দখল দেখেই তাঁকে দায়িত্ব দিচ্ছে কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্ট।
সব ঠিক থাকলে, আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কলকাতা নাইট রাইডার্স দলের প্রধান কোচ অভিষেক নায়ারের সঙ্গে পুরোপুরি কাজে লেগে পড়বেন দিশান্ত। সঙ্গে থাকছেন মেন্টর ডোয়েন ব্র্যাভো। থাকছেন সহকারি কোচ তথা অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার শেন ওয়াটসন, থাকছেন বোলিং কোচ টিম সাউদি থেকে শুরু করে পাওয়ার কোচ ওরফে ক্যারিবিয়ান দানব আন্দ্রে রাসেল। আপাতত যা খবর, সকলের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে রিঙ্কু সিংদের ফিল্ডিং সেট করবেন রাজস্থানের প্রাক্তন ক্রিকেটার।
অবশ্যই পড়ুন: বাজেটে স্বামী-স্ত্রীরা আয়কর নিয়ে বড় সুখবর পেতে পারেন
উল্লেখ্য, একটা সময় চুটিয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে খেলেছিলেন দিশান্ত। নিজের ক্রিকেট জীবনে দীর্ঘদিন উইকেট রক্ষক ব্যাটসম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। বলা ভাল, এই বাঁ হাতি ব্যাটসম্যান রাজস্থানের 29টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলার পাশাপাশি 47টি 50 এবং 20 ওভারের ম্যাচ খেলেছেন। বলে রাখি, 2011 থেকে 2014 সাল পর্যন্ত ইন্ডিয়ার প্রিমিয়ার লিগে রাজস্থানের হয়ে 25 ম্যাচে অংশ নিয়েছিলেন দিশান্ত ইয়াগনিক।