T20 বিশ্বকাপ থেকে নাম কাটল বাংলাদেশের, স্কটল্যান্ডকে সুযোগ দিল ICC

ICC announced Scotland name as a replacement of Bangladesh for ICC T20 World Cup

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ফিরল 2009 সালের স্মৃতি। সেবার, রাজনৈতিক কারণে ইংল্যান্ডে গিয়ে খেলতে অস্বীকার করেছিল জিম্বাবুয়ে। যার ফলে তাদের বিকল্প হিসেবে স্কটল্যান্ডকে চ্যাম্পিয়নস ট্রফিতে জায়গা দিয়েছিল ICC। এবার আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেও (ICC T20 World Cup) ধরা পড়বে একই চিত্র। জানা যাচ্ছে, বাংলাদেশের বিকল্প হিসেবে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া আগেই শুরু করে দিয়েছিল ICC। এবার পাকাপাকিভাবে বাংলাদেশের বিকল্প হিসেবে তাদের নাম ঘোষণা করে দিল বিশ্বক্রিকেট সংস্থা।

বাংলাদেশকে উচিত শিক্ষা দিল ICC?

মুস্তাফিজুর রহমান বিতর্ককে টি-টোয়েন্টি বিশ্বকাপে টেনে নিয়ে গিয়েছিল বাংলাদেশ। ভারতে খেলতে আসবে না বলে একেবারে গোঁ ধরেছিল তারা। ওপার বাংলার ক্রিকেট বোর্ডের তরফে বেশ কয়েকবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের কাছে অনুরোধ রাখা হয়েছিল, মুস্তাফিজুরদের ম্যাচ যেন ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় আয়োজন করা হয়। যদিও এমন আবেদনের পরিপ্রেক্ষিতে জয় শাহর সংস্থা খুব পরিষ্কারভাবে জানিয়ে দেয়, বিশ্বকাপ খেলতে হলে ভারতেই আসতে হবে তাদের। এমন নির্দেশের পরেও দফায় দফায় ICC কে চিঠি দিয়েছে বাংলাদেশ। শেষ পর্যন্ত, বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর জন্য ওপার বাংলার বোর্ডকে সময় বেঁধে দিয়েছিল ICC।

অবাক করা বিষয়, নির্ধারিত সময়ের মধ্যে সংবাদ সম্মেলন করলেও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের চিঠির প্রতিক্রিয়া জানায়নি বাংলাদেশ। তাতে বেজায় চটে যায় বিশ্ব ক্রিকেট সংস্থা। সেখানেই একপ্রকার বিশ্বকাপ থেকে বাদ পড়ে গিয়েছিল বাংলাদেশ। প্রসঙ্গ উঠেছিল বিকল্প দলের। অনেকে ধরেই নিয়েছিলেন, বাংলাদেশের বিকল্প হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নেবে স্কটল্যান্ড। শেষ পর্যন্ত সেটাই হচ্ছে। স্পোর্টস্টারের রিপোর্ট অনুযায়ী, বাংলাদেশের বিকল্প হিসেবে শনিবার স্কটল্যান্ডের নাম ঘোষণা করল ICC। তাতে অনেকেই বলছেন, বাংলাদেশকে একেবারে উচিত শিক্ষা দেওয়া হয়েছে!

অবশ্যই পড়ুন: আর ভাগাভাগি করতে হবে না সিট, একাধিক ট্রেনের RAC তুলে দিল রেল

উল্লেখ্য, আগামী, 7 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে বহু অপেক্ষিত টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেই আসরে প্রথম দিনই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচ ছিল বাংলাদেশের। পরিস্থিতি ঠিক থাকলে ওপার বাংলার দল কলকাতায় এসে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ম্যাচে অংশ নিত। শেষ পর্যন্ত বাংলাদেশ বিশ্বকাপ বয়কট করায় এখন তাদের বিকল্প হিসেবে স্কটল্যান্ড কলকাতায় খেলতে আসবে কিনা বা তাদের কোন কোন ম্যাচ খেলানো হবে সবটাই ঠিক করবে বিশ্ব ক্রিকেট সংস্থা।

Leave a Comment