প্রীতি পোদ্দার, কলকাতা: ডিসেম্বর এবং জানুয়ারির শুরুতে বেশ ঠাণ্ডা ছিল বঙ্গে। কিন্তু মাঘের শুরুতেই কলকাতা ও দক্ষিণের (South Bengal) আশপাশের জেলায় পারদ স্বাভাবিকের চেয়ে বেশ খানিকটা উপরে উঠে গিয়েছে। সকালে হালকা শীতের আমেজ থাকলেও, দিনের বেলায় ঘামের বিন্দু দেখা যাচ্ছে কপালে। তবে রাতের দিকে তাপমাত্রা মাঝেমধ্যেই ১৪ ডিগ্রির ঘরে যাচ্ছে। তাই সে ক্ষেত্রে প্রশ্ন উঠছে শীত কি তবে পুরোপুরি বিদায় নিচ্ছে নাকি আবার নতুন রূপে ফিরে আসতে চলেছে বঙ্গে।
হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, দ্বিতীয় দফায় পশ্চিমী ঝঞ্ঝার জেরে তাপমাত্রা বাড়ার পাশাপাশি বঙ্গে শীতের আমেজ ধীরে ধীরে কমতে চলেছে। ভোরের সময় এখনও কামড় বসাচ্ছে ঠান্ডা, তবে বেলা বাড়তেই উধাও সেই আমেজ। তবে এখনই শীত পুরো বিদায় নেবে কিনা সে বিষয়ে স্পষ্ট কিছু বলতে নারাজ আবহাওয়াবিদরা। আগামী কয়েক দিনে হয়ত পরিষ্কার জানা যাবে যে, শীত এবার বিদায় নিচ্ছে নাকি ফিরে আসবে আরও এক দফা দাপট নিয়ে। এক নজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ মঙ্গলবার, কলকাতার সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা শীতল এবং শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। সর্বনিম্ন তাপমাত্রায় বিশেষ কোনও পরিবর্তন হবে না তবে সর্বোচ্চ তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস হারে বাড়বে। এছাড়াও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার সতর্কতা রয়েছে। আগামী শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলার একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও পশ্চিম বর্ধমানে কুয়াশার দাপট থাকবে।
আরও পড়ুন: অভিষেকের ‘সেবাশ্রয়’ শিবিরে হাজির রুজিরা, করালেন স্বাস্থ্য পরীক্ষা
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
উত্তরবঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে শীত। তুষারপাতের কারণে গাড়ি চলাচলেও বিলম্ব ঘটছে। দার্জিলিঙে পারদ নেমেছে ৩ থেকে ৫ ডিগ্রিতে, কালিম্পং এ তাপমাত্রা থাকতে পারে ৮ থেকে ১০ ডিগ্রিতে। উত্তরের সব জেলাতেই কম-বেশি কুয়াশা থাকবে।দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুরের কিছু এলাকায় ঘন কুয়াশার হলুদ সতর্কতা জারি হয়েছে। দৃশ্যমানতা নেমে যেতে পারে ১৯৯ থেকে ৫০ মিটার পর্যন্ত।