৩২ ঘণ্টা পর আনন্দপুরে দমকলকন্ত্রী, কেন আগে আসেননি? জানালেন সুজিত বসু

Anandapur

প্রীতি পোদ্দার, কলকাতা: আনন্দপুরের (Anandapur) পরপর গুদামে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা যেন আতঙ্ক ফেলে দিয়েছে শহরে। একের পর এক মৃতের সংখ্যা বেড়েই চলেছে। চারিদিকে ধোঁয়ার কারণে কালো অন্ধকার ছেয়ে গেছে। সোমবার সন্ধ্যার পর আরও একাধিক শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গেছে। আপাতত শেষ আপডেট অনুযায়ী ১০ জনের মৃতদেহ খুঁজে পাওয়া গিয়েছে। এখনও বহু শ্রমিক নিখোঁজ রয়েছেন। এই অবস্থায় অবশেষে ঘটনাস্থল পরিদর্শনে এলেন দমকল মন্ত্রী সুজিত বসু

৩২ ঘণ্টা পর আনন্দপুরে সুজিত

রিপোর্ট মোতাবেক, গতকাল অর্থাৎ সোমবার, রাত সাড়ে সাতটায় দমকল মন্ত্রী সুজিত বসু একটি অনুষ্ঠান থেকে বেরনোর সময়ে সাংবাদিকদের মুখোমুখি হন। সেখানে তিনি আনন্দপুরের দুর্ঘটনা নিয়ে বলেন যে ভোর তিনটে থেকেই নাকি তিনি কন্ট্রোলরুমের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন। এরপর আজ, মঙ্গলবার ঘটনার প্রায় ৩২ ঘণ্টা পর আনন্দপুরে জন সুজিত বসু। সেখানে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়ে দমকলমন্ত্রী সুজিত বসু জানিয়েছেন যে, “প্রজাতন্ত্র দিবস থাকার কারণে কাল বিভিন্ন জায়গায় ব্যস্ত ছিলাম। তাই এখানে উপস্থিত থাকতে পারিনি।”

পুরো ঘটনার তদন্তের আশ্বাস সুজিত বসুর

আনন্দপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের বিষয়ে সুজিত বসু জানিয়েছেন যে, “ ৩৫ হাজার স্কোয়ার ফিটের মতো এলাকা। এখানে মোমো তৈরির কারখানা ছিল, একটা ডেকরেটর্সের গোডাউন ছিল। অনেক বেশি রাতে আগুন লাগে। পর্যায়ক্রমে ১২ টা ইঞ্জিন পাঠানো হয়। আগুন নিয়ন্ত্রণে আসে। এখনও গাড়ি রাখা, কারণ প্রচুর পকেট ফায়ার ছিল। এটা জতুগৃহ! প্রচুর দাহ্য পদার্থ মজুত ছিল। রাত তিনটেয় প্রথম খবর পাই।” এছাড়াও মন্ত্রী জানিয়েছেন যে, ওই গোডাউনে ফায়ার অডিট হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হবে। ফরেনসিক টিম যাবে, এফআইআর করা হবে এবং পুরো ঘটনার তদন্তও করা হবে।

আরও পড়ুন: SIR নিয়ে টানাপোড়েন! আজই নবান্নে অখিলেশ-মমতার বৈঠক

প্রসঙ্গত, গুদামের যাবতীয় সামগ্রী পুড়ে ছাই হয়ে গিয়েছে বলে মনে করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও স্পষ্ট নয়। প্রায় ১০ ঘণ্টা পরে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে। তবে ভিতরে কোথাও কোথাও আগুন রয়েছে। ঘটনাস্থল ধোঁয়ায় ঢেকে রয়েছে। গতকালই ঘটনাস্থল পরিদর্শনে আসেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। তিনি জানিয়েছিলেন, পুলিশ এবং দমকল কাজ করছে অনবরত। এছাড়াও আটকে পড়া কর্মীদের পরিবারের সঙ্গে তিনি কথাও বলেছিলেন।

Leave a Comment