বিক্রম ব্যানার্জী, কলকাতা: পরিবেশ দূষণ কমাতে পরিবেশবান্ধব ট্রেন চালাতে চাইছে ভারতীয় রেল। সেই লক্ষ্যেই ভারত পেতে চলছে প্রথম হাইড্রোজেন ট্রেন। তবে এবার রেলমন্ত্রক অন্য কথা ভাবছে। জানা গিয়েছে, পরিবেশ দূষণ রোধের পাশাপাশি ডিজেলের খরচ বাঁচাতে এবার ব্যাটারি চালিত লোকোমোটিভ ছোটাতে চায় কেন্দ্রীয় রেল মন্ত্রক তথা ভারতীয় রেল (Indian Railways)। হঠাৎ এখনই কেন এমন ভাবনা ভারতীয় রেলের?
এই কারণে ব্যাটারি চালিত ট্রেনের কথা ভাবছে ভারতীয় রেল
রেলের তরফে পাওয়া তথ্য অনুযায়ী, ভারতের মোট রেল রুট 70 হাজার 117 কিলোমিটার। এই বিস্তৃত রেল পথের মধ্যে মাত্র 405 কিলোমিটার অংশ বাদ দিয়ে বাকি সবটাই বৈদ্যুতিকরণ হয়ে গিয়েছে। সূত্রের খবর, আগামীতে অবশিষ্ট রেলরুটেও বৈদ্যুতিকরণের কাজ শেষ করে ফেলবে রেল। তাছাড়াও দেশে এই মুহূর্তে আড়াই হাজার লোকোমোটিভ রয়েছে যেগুলি ডিজেল দ্বারা চালিত। ফলে হিসেব করে দেখতে গেলে আয়ের দিক থেকে ব্যয়টাই বেশি হচ্ছে ভারতীয় রেলের। সেই সাথে বাড়ছে পরিবেশ দূষণও। তাই এইসব সমস্যার কথা মাথায় রেখেই এবার পরিবেশ বান্ধব ট্রেন চালাতে চাইছে কেন্দ্র। সেই সূত্রেই উঠে এসেছে ব্যাটারী চালিত ইঞ্জিন বা ট্রেনের নাম।
জানা যাচ্ছে, পাইলট প্রকল্পের অধীনে লিথিয়াম ফেরো ফসফেট ব্যবহার করে তৈরি হচ্ছে উচ্চ ক্ষমতা সম্পন্ন ব্যাটারিচালিত ট্রেন ইঞ্জিন। এ প্রসঙ্গে ভারতীয় রেলের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, দেশে বর্তমানে যেসব গুরুত্বপূর্ণ ডিজেল চালিত যাত্রীবাহী ট্রেনগুলি রয়েছে সেগুলিকেই বদলে ফেলা হবে ব্যাটারি চালিত ট্রেনে। টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদন অনুযায়ী, ডিজেল চালিত ইঞ্জিন বদলে ব্যাটারী চালিত ইঞ্জিন বসানো হবে ওই ট্রেনের লোকোমোটিভে। এছাড়াও আলাদাভাবে ব্যাটারি চালিত ইঞ্জিন নিয়ে গোটা লোকোমোটি তৈরি করা হতে পারে। সেক্ষেত্রে ওই লোকোমোটিভ জুড়ে যাবে ডিজেল চালিত ট্রেনের রেকগুলির সাথে।
অবশ্যই পড়ুন: ভারতেই বাণিজ্যিক বিমান তৈরি করবে আদানি, ব্রাজিলের সংস্থার সাথে হল বিরাট চুক্তি
বাংলাতেই তৈরি ব্যাটারি চালিত ইঞ্জিন
রিপোর্ট অনুযায়ী, পরিবেশবান্ধব রেল ব্যবস্থা গড়ে তুলতে ইতিমধ্যেই চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কসকে প্রথম দশটি ব্যাটারি চালিত ইঞ্জিন তৈরির অর্ডার দিয়েছে ভারতীয় রেল। রেলের তরফে বেঁধে যাওয়ার সময়ের মধ্যেই এই ইঞ্জিনগুলি তৈরি হয়ে যাবে বলেই সংস্থা সূত্রে খবর। এদিকে পূর্ব রেলের কাঁচরাপাড়া ওয়ার্কশপে অর্থাৎ বাংলার বুকে তৈরি হয়েছে 25 কিলো ভোল্টের বৈদ্যুতিন ইঞ্জিন। সূত্রের খবর, স্বল্প থেকে মাঝারি দূরত্বে ব্যাটারি চালিত ট্রেনগুলি চালানোর লক্ষ্যে প্রাথমিক পরীক্ষা করে দেখবে ভারতীয় রেল। তাতে সফল হলে চাহিদার কথা মাথায় রেখে আগামীতে বাংলার বুকেই তৈরি হবে একাধিক ব্যাটারি চালিত ট্রেন ইঞ্জিন।