বিক্রম ব্যানার্জী, কলকাতা: বদলে যাচ্ছে দেশের এক বড় ফুটবল লিগের নাম। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের উদ্যোগে এ বছরের ইন্ডিয়ান সুপার লিগ গড়াবে আগামী 14 ফেব্রুয়ারি থেকে। উদ্বোধনী ম্যাচ খেলবে গতবারের চ্যাম্পিয়ন মোহনবাগান এবং কেরালা ব্লাস্টার্স। এরই মাঝে উঠে আসছে বড় খবর। একাধিক রিপোর্ট অনুযায়ী, বদলে যাচ্ছে আই লিগের নাম (I-League Name Change)। নতুন মরসুম অর্থাৎ 2025-26 সিজনে নতুন নামে শুরু হবে ভারতের এই গুরুত্বপূর্ণ ফুটবল টুর্নামেন্ট।
কোন নাম পাচ্ছে আই লিগ?
প্রাপ্ত তথ্য অনুযায়ী, এ বছর থেকে আই লিগের নাম পরিবর্তন করে রাখা হচ্ছে ইন্ডিয়ান ফুটবল লিগ। বলাই বাহুল্য, শুরুর দিকে জাতীয় লিগ নাম বদলে এই ফুটবল টুর্নামেন্টের নাম রাখা হয়েছিল আই লিগ। এরপর থেকে এই নামই ছড়িয়ে পড়ে নানা মহলে। ভারতীয় ফুটবল মহলে যা বেশ জনপ্রিয়। তবে এই সিজনে ইন্ডিয়ান সুপার লিগের পাশাপাশি আই লিগ নিয়েও সমস্যা তৈরি হলে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের কাছে প্রস্তাব যায় আই লিগের নাম পাল্টে ফেলার। এই বিশেষ টুর্নামেন্টের নাম বদলে ইন্ডিয়ান ফুটবল লিগ রাখার আবেদন জানান অনেকে। শেষ পর্যন্ত সেই প্রস্তাবে সবুজ সংকেত দিয়েছে AIFF।
সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের তরফে চূড়ান্ত অনুমতি পাওয়ার পর দেশের গুরুত্বপূর্ণ ফুটবল লিগ আই-লিগের নাম পরিবর্তন করে রাখা হচ্ছে ইন্ডিয়ান ফুটবল লিগ বা ভারতীয় ফুটবল লিগ। তবে হঠাৎ করে এই নাম পরিবর্তনের বিষয়টিকে অনেকেই ভালভাবে নিচ্ছেন না। ফুটবলপ্রেমীদের একাংশ বিষয়টিকে স্বাগত জানালেও বেশিরভাগ মানুষই আই লিগ নামটিকেই পুনরায় ফিরিয়ে আনার দাবি জানাচ্ছেন। জানা যাচ্ছে, এ বছর ইন্ডিয়ান ফুটবল লিগ আয়োজিত হবে টু স্টেজ ফরম্যাটে। এর অর্থ লিগ স্টেজ এবং চ্যাম্পিয়ন ও রেলিগেশন রাউন্ড দুই অংশে ভাগ করা হবে টুর্নামেন্টটিকে।
অবশ্যই পড়ুন: চতুর্থ T20 তে ইচ্ছে করেই নিউজিল্যান্ডকে জিততে দিয়েছে ভারত! ফাঁস বিস্ফোরক তথ্য
উল্লেখ্য, এবছর ইন্ডিয়ান ফুটবল লিগে অংশ নিতে চলেছে মোট 11টি দল। জানা গিয়েছে, গুরুত্বপূর্ণ ফুটবল লিগে অংশগ্রহণকারী প্রত্যেক ক্লাব সিঙ্গেল লেগে রাউন্ড রবিন সংস্করণে ম্যাচ খেলবে। পরবর্তীতে যার পয়েন্ট যত বেশি হবে সেই নিরিখে চ্যাম্পিয়নশিপ রাউন্ডে পৌঁছবে প্রথম 6 দল এবং শেষের 5 দল যাবে রেলিগেশন রাউন্ডে। সেখান থেকে উত্তীর্ণ দল যাবে, ইন্ডিয়ান ফুটবল লিগ টুতে।