প্রীতি পোদ্দার, কলকাতা: গত কয়েক দিন ধরে রাজ্য পুলিশের ডিজি পদ ঘিরে টানাপড়েন চলছে। কারণ আজ অর্থাৎ ৩১ জানুয়ারি ডিজি পদ থেকে অবসর নিতে চলেছেন রাজীব কুমার। কিছুদিন আগেই ক্যাটের নির্দেশ মেনে নবান্ন স্থায়ী ডিজি পদে নিয়োগের জন্য নামের তালিকা UPSC-র কাছে পাঠিয়েছিল। অবশেষে বহু জল্পনার পর নির্ধারিত হল নাম, যদিও স্থায়ী নয়, আবারও ভারপ্রাপ্ত। জানা গিয়েছে, রাজ্য পুলিশের নতুন ভারপ্রাপ্ত ডিজি হিসেবে নিযুক্ত হলেন আইপিএস অফিসার পীযুষ পাণ্ডে (Peeyush Pandey)। একনজরে জেনে নেওয়া যাক বিস্তারিত তথ্য এই নয়া ভারপ্রাপ্ত ডিজির সম্পর্কে।
কে এই পীযূষ পাণ্ডে?
রিপোর্ট মোতাবেক, পীযূষ পাণ্ডে হলেন ১৯৯৩ ব্যাচের পশ্চিমবঙ্গের আইপিএস ক্যাডার। শিক্ষা জীবনে তিনি ঝাড়খণ্ডের BIT Mesra থেকে প্রযুক্তি নিয়ে স্নাতক সম্পূর্ণ করেছিলেন। পরে এম-টেক করেছেন কানপুর আইআইটি থেকে। তারপর ইউপিএসসি পরীক্ষায় পাশ করে চলে এলেন পুলিশ সার্ভিসে। তবে তিনি নিজেকে এতোটাই আড়ালে রেখেছেন যে কোনো মাধ্যম থেকেই তাঁর সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া বেশ মুশকিল হয়ে গিয়েছে। জানা যায় পীযূষ পাণ্ডে নাকি প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বেও ছিলেন। প্রধানমন্ত্রী মনমোহন সিংহের সময়ে এসপিজি প্রোটেকশন পেতেন সেক্ষেত্রে পীযূষ ছিলেন এসপিজি-র ইনস্পেক্টর জেনারেল।
প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে ছিলেন পীযূষ
সূত্রের খবর, শুধু মনমোহন সিংহের সময়ে নয়, পীযূষ পাণ্ডে নরেন্দ্র মোদীর মেয়াদেও তিন বছর এসপিজি-তে ছিলেন। ২০১৫ সালে এসপিজি-তে তাঁর মেয়াদ শেষ হওয়ার পর প্রায় দু’বছর এক্সটেনশন দেওয়া হয় তাঁকে। আর সেই সময়ে তিনি প্রেসিডেন্ট মেডেলও পান। তবে এবার তিনি পশ্চিমবঙ্গের রাজ্য পুলিশের নতুন ভারপ্রাপ্ত ডিজি হিসেবে নিয়োগ হলেন, এখন দেখার পালা সেই দায়িত্বে তিনি কত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। সবচেয়ে তাৎপর্যপূর্ণ হল, এমন সময়ে তাঁকে ডিজি পদে নিয়োগ করা হয়েছে যখন রাজ্যে নির্বাচন আসন্ন। আর প্রতিবার ভোটেই রাজ্য পুলিশের ডিজিকে সাময়িক ভাবে সরিয়ে অন্য কোনও পুলিশ কর্তাকে দায়িত্ব দিয়েছে নির্বাচন কমিশন। সেক্ষেত্রে তাই দায়িত্বশীল পুলিশ কর্তা হিসাবে তাঁর ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন।
আরও পড়ুন: বেশি সঞ্চয় ও পেনশনের সুবিধা, EPFO আনতে পারে বড় বদল! শোধরাবে কর্মীদের জীবন
প্রসঙ্গত, শুধু কলকাতা পুলিশের ডিজি বদল নয়, শুক্রবার নবান্ন বিজ্ঞপ্তি জারি করে রাজ্যের একাধিক শীর্ষ পুলিশকর্তার বদলির কথা জানিয়েছে। কলকাতা পুলিশের কমিশনার পদ থেকে সরিয়ে মনোজ বর্মাকে দেওয়া হচ্ছে মুখ্যমন্ত্রী মমতার নিরাপত্তার দায়িত্ব। এডিজি (এসটিএফ) হলেন জাভেদ শামিম যেখানে আগে তিনি ছিলেন এডিজি (আইনশৃঙ্খলা) পদে। অন্যদিকে সেই জায়গায় আনা হয়েছে কলকাতা পুলিশের প্রাক্তন কমিশনার বিনীত গোয়েলকে। অন্য দিকে, অনুজ শর্মাকে করা হয়েছে ডিজি (অগ্নি), সিদ্ধনাথ গুপ্তকে করা হয়েছে ডিজি (কারা) এবং ডিজি (হোমগার্ড) করা হয়েছে নটরাজন রমেশবাবুকে।