বিক্রম ব্যানার্জী, কলকাতা: নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয় দিয়ে সিরিজ শেষ করেছে ভারত। বিশ্বকাপের আগে এই সাফল্য যে কতটা গুরুত্বপূর্ণ তা বোঝেন সূর্যকুমার যাদবেরা (ICC T20 World Cup)। তবে ভরসা করে কিউই সিরিজে যাঁকে ওপেনিং করার দায়িত্ব দেওয়া হয়েছিল সেই সঞ্জু স্যামসন গোটা সিরিজে ডাহা ফেল করেছেন। 5 ম্যাচে অংশ নিয়ে মাত্র 46 রান পেয়েছেন ভারতের এই অভিজ্ঞ ক্রিকেটার। এদিকে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে 4 ম্যাচে সুযোগ পেয়েই নিজেকে প্রমাণ করে দেখিয়েছেন ইশান কিষাণ। করেছেন 215 রান। আর এখানেই প্রশ্ন উঠছে তাহলে বিশ্বকাপে সঞ্জু না ইশান কার উপর ভরসা রাখবে ভারত? ওপেনার হিসেবে কে জায়গা পাবেন টিম ইন্ডিয়ার একাদশে?
বিশ্বকাপে ভাগ্য ফিরবে কার?
গতকাল নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয়ের ম্যাচে সেঞ্চুরি করেছিলেন ইশান। ওদিকে ওপেনিং করতে নেমে 6 রান করেই মাঠ ছেড়েছিলেন সঞ্জু স্যামসন। এই ভারতীয় ক্রিকেটার একটানা ব্যর্থ হওয়ার পরই প্রশ্ন উঠতে শুরু করেছে তাহলে কি সঞ্জুর বদলে ইশানকেই বিশ্বকাপের একাদশে ওপেনিং করতে দেওয়া হবে? এ নিয়ে এবার মুখ খুলেছেন অধিনায়ক সূর্য নিজেই।
গতকাল পঞ্চম টি-টোয়েন্টি জয়ের পর অধিনায়ক সূর্যকে ইশান এবং সঞ্জু প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে তিনি খুব পরিষ্কারভাবে জানান, “বিশ্বকাপে ওপেনিং করার দায়িত্ব সঞ্জু না ইশানের কাঁধে যাবে সেটা নির্ভর করছে তিলক বর্মার ফিটনেসের উপর। আমি এখনও পর্যন্ত ওর সম্পর্কে কিছু জানি না। তবে আমাদের যা বলা হয়েছে, সুস্থ আছে ও। ব্যাট করাও শুরু করেছে। ফলে ও যদি ফিরে আসে তাহলে আর চিন্তাই নেই। তবে সঞ্জু না ইশান কাকে ওপেনিং করানো হবে সেটা জানার জন্য 7 তারিখ পর্যন্ত (7 ফেব্রুয়ারি) অপেক্ষা করুন।” কাজেই দুই ভারতীয় ক্রিকেটারের মধ্যে বিশ্বকাপে কে ওপেন করবেন তা জানা যাবে বিশ্বকাপ শুরুর দিনই।
অবশ্যই পড়ুন: পাকিস্তানের ১২ শহরে হানা বালোচ বিদ্রোহীদের, মৃত ৮০! বালোচিস্তান হাতছাড়া হওয়ার আশঙ্কা
উল্লেখ্য, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী 7 ফেব্রুয়ারি পাকিস্তান বনাম নেদারল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হবে বহু অপেক্ষিত টি-টোয়েন্টি বিশ্বকাপের যাত্রা। ওই দিনেই মুখোমুখি হবে ভারত এবং আমেরিকা। এই ম্যাচের পর 12 ফেব্রুয়ারি নামিবিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে 15 তারিখ পাকিস্তানের মুখোমুখি হবে টিম ইন্ডিয়া।