বিক্রম ব্যানার্জী, কলকাতা: নিরাপত্তাকে ইস্যু বানিয়ে ভারতে বিশ্বকাপ খেলতে আসছে না বাংলাদেশ। যদিও ম্যাচের ভেন্যু বদলের জন্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের কাছে বেশ কয়েকবার অনুরোধ জানিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে তাতে কাজ হয়নি। ফলে শেষ পর্যন্ত বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে এবার টাইগারদের জন্য নতুন টুর্নামেন্টের (Bangladesh ODOMMO T20 Cup) আয়োজন করছে BCB। বাংলাদেশের সংবাদমাধ্যম সমকালের প্রতিবেদন অনুযায়ী, বিশ্বকাপ থেকে বাদ পড়ার পর এবার বাংলাদেশের ক্রিকেটারদের মাঠের বাইরে বসিয়ে রাখতে চায়না বাংলাদেশ বোর্ড। তাই মুস্তাফিজুর রহমানদের আক্ষেপ দূর করতে এবং প্লেয়ারদের খেলায় রাখতে বিশেষ টুর্নামেন্ট ‘অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ’ আয়োজন করতে চলেছে BCB।
বাংলাদেশের বিশেষ টুর্নামেন্ট সম্পর্কে কিছু কথা
ওই প্রতিবেদন অনুযায়ী, ক্রিকেটারদের বিশ্বকাপে অংশগ্রহণ করতে না পারার আক্ষেপ ঘোচাতে BCB যে বিশেষ টি-টোয়েন্টি কাপ আয়োজন করতে চলেছে সেই টুর্নামেন্ট হবে মূলত চার দিনের। জানা যাচ্ছে, বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটার সহ অন্যান্য স্থানীয় ক্রিকেটারদের নিয়ে তৈরি হবে তিনটি দল। সেই দল গুলিই টুর্নামেন্টে অংশ নিয়ে একে অপরের বিরুদ্ধে ম্যাচ খেলবে।
ওপার বাংলার একাধিক প্রতিবেদন অনুযায়ী, এই বিশেষ টুর্নামেন্টের জন্য 2 কোটি 50 লাখ টাকার বাজেট রেখেছে বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। খোঁজ নিয়ে জানা গেল, আড়াই কোটির এই টুর্নামেন্টে যে তিন দল অংশ নেবে তাদের মধ্যে রয়েছে ধুমকেতু একাদশ, দুরন্ত একাদশ এবং দুর্বার একাদশ। আপাতত যা খবর, বাংলাদেশের টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত নেতৃত্ব দেবেন দুর্বার একাদশ দলকে। ওদিকে লিটন দাস নেতৃত্ব দেবেন ধুমকেতু একাদশকে। একই সাথে বাংলাদেশের যুব বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবর আলি হচ্ছেন দুরন্ত একাদশের অধিনায়ক।
অবশ্যই পড়ুন: ডাহা ফেল সঞ্জু, স্বপ্নের ফর্মে ইশান! বিশ্বকাপে ভারতের হয়ে ওপেন করবেন কে? মুখ খুললেন সূর্য
প্রতিবেদন অনুযায়ী, অধিনায়কের পাশাপাশি প্রত্যেকটি দলের কোচিং প্যানেলে কারা থাকবেন সেটাও নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। জানা যায়, ধুমকেতু একাদশ দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ করা হচ্ছে মহম্মদ সালাউদ্দিনকে। একইভাবে দুরন্ত একাদশের প্রধান কোচ হিসেবে যুক্ত হচ্ছেন হান্নান সরকার। অন্যদিকে শান্তর দল দুর্বার একাদশের প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন মিজানুর রহমান বাবুল। প্রধান কোচের পাশাপাশি সহকারি কোচদের নামও প্রকাশ করেছে BCB। তবে, এই দলগুলিতে বাংলাদেশের কোন কোন ক্রিকেটার অংশ নেবেন তা এখনও পর্যন্ত জানা যায়নি। তবে সূত্রের যায় খবর, কোনও বিদেশি খেলোয়াড় নয় বরং শুধুমাত্র বাংলাদেশের প্লেয়াররাই এই অদম্য টি-টোয়েন্টি কাপে অংশগ্রহণ করতে পারবেন।