বিক্রম ব্যানার্জী, কলকাতা: বিধানসভা নির্বাচনের মুখে বাংলার দিকে বিশেষ নজর দিয়েছে ভারতীয় রেল (Indian Railways)। দেশের প্রথম বন্দে ভারত স্লিপার থেকে শুরু করে তিন তিনটি অমৃত ভারত সহ রেললাইন নির্মাণের একাধিক প্রকল্পে হাত লাগিয়েছে রেল মন্ত্রক। স্থানীয় যাত্রীদের ক্ষুদ্র ক্ষুদ্র দাবিকেও মান্যতা দিচ্ছে রেল। তেমনই আসানসোল ডিভিশনের যাত্রীদের দীর্ঘদিনের দাবিতে সিলমোহর ঠুকে এবার বিভিন্ন স্টেশনে পরীক্ষামূলকভাবে কয়েকটি মেল, এক্সপ্রেস এবং প্যাসেঞ্জার ট্রেনের অতিরিক্ত স্টপেজ দেওয়ার সিদ্ধান্ত নিল ভারতীয় রেলওয়ে। রেলের এমন সিদ্ধান্তে উচ্ছসিত নিত্যযাত্রীরা।
আসানসোল ডিভিশনের কোন কোন স্টেশন অতিরিক্ত স্টপেজ পাচ্ছে?
ভারতীয় রেলের তরফে প্রকাশিত তালিকা অনুযায়ী, পরীক্ষামূলকভাবে শনিবার থেকেই অতিরিক্ত স্টপেজ চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রত্যেকটি স্টপেজে ট্রেন সর্বোচ্চ 1 থেকে দু মিনিট দাঁড়াবে। সেই তালিকায় প্রথমেই নাম থাকছে অন্ডাল স্টেশনের। 13022 রক্সৌল থেকে হাওড়া-মিথিলা এক্সপ্রেস 11 টা 45 মিনিটে অন্ডাল স্টেশনে পৌঁছে 11টা 47 মিনিটে ছেড়ে যাবে। এদিকে, বর্ধমান-আসানসোল মেমু প্যাসেঞ্জার 63525 এবং 63527 এই ট্রেন দুটির প্রথমটি 8টা 28 মিনিটে ঈশানচণ্ডী হল্টে পৌঁছে এক মিনিটে ছেড়ে যাবে। দ্বিতীয় ট্রেনটি 5টা 24 মিনিটে পৌঁছে 5টা 25 মিনিটে ঈশানচন্ডী হল্ট থেকে ছাড়বে। পাশাপাশি 13019 হাওড়া-কাঠগোদাম বাঘ এক্সপ্রেস সীতারামপুর স্টেশনে 1টা 29 মিনিটে পৌঁছে 31 মিনিটে ছেড়ে যাবে।
আসানসোল ডিভিশনের সিউড়ি স্টেশনেও স্টপেজ দেওয়া হয়েছে বেশ কয়েকটি এক্সপ্রেস ট্রেনের। সেই তালিকায় রয়েছে 12551 এসএমভিটি বেঙ্গালুরু-কামাখ্যা এক্সপ্রেস। এই ট্রেন 10টা 19 মিনিটে পৌঁছে 21 মিনিটে সিউড়ি স্টেশন থেকে ছেড়ে যাবে। এছাড়াও 22611 চেন্নাই সেন্ট্রাল-নিউ জলপাইগুড়ি এক্সপ্রেস 5 ফেব্রুয়ারি যাত্রা শুরু করে 6টা 45 মিনিটে সিউড়ি স্টেশনে ঢুকে 47 মিনিটে ছেড়ে যাবে। একই সাথে 12552 কামাখ্যা-এসএমভিটি বেঙ্গালুরু এক্সপ্রেস সিউড়ি স্টেশনে 5টা 31 মিনিটে পৌঁছে 33 মিনিটে প্রস্থান করবে। 22612 নিউ জলপাইগুড়ি-চেন্নাই সেন্ট্রাল এক্সপ্রেসও সিউড়ি স্টেশনে 5 টা 31 এ ঢুকে মাত্র দুই মিনিট দাঁড়াবে।
অবশ্যই পড়ুন: বিলাসিতায় বসল খাড়া! কেন্দ্রের বাজেটে কোন পণ্যের দাম বাড়ল, সস্তা হল কী কী?
সিউড়ি ছাড়াও আসানসোল ডিভিশনে উখড়া স্টেশনে স্টপেজ দেওয়া হয়েছে 13179 শিয়ালদা-সিউড়ি মেমু এক্সপ্রেসের। এই ট্রেনটি উখড়া স্টেশনে ঢুকবে 9টা 07 মিনিট নাগাদ এবং ছেড়ে যাবে এক মিনিটের মধ্যেই। এই ট্রেনই আবার চিনপাই স্টেশনে এক মিনিটের জন্য স্টপেজ দেবে বলেই খবর। একই সাথে সিউড়ি থেকে শিয়ালদাগামী মেমু এক্সপ্রেস ট্রেনটিরও ফেরার পথে উখড়া স্টেশনে এক মিনিট এবং চিনপাই স্টেশনে এক মিনিটের জন্য স্টপেজ দেওয়ার কথা।