বৈশ্বিক প্রবৃদ্ধি আমেরিকাকে টপকে গেল ভারত, রিপোর্ট দেখিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য মাস্কের

Elon Musk on IMF Report

সৌভিক মুখার্জী, কলকাতা: বিশ্ব অর্থনীতির ক্ষমতায় ধীরে ধীরে ভারসাম্য বদলাচ্ছে। এমনই ইঙ্গিত দিল আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ। হ্যাঁ, তাদের সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, গ্লোবাল অর্থনৈতিক বৃদ্ধিতে অবদান রাখার ক্ষেত্রে আমেরিকাকে টপকে এগিয়ে গিয়েছে ভারত। আর এই রিপোর্ট সামনে আসতেই বিশ্বের ধনী ব্যক্তি এলন মাস্ক প্রতিক্রিয়া জানিয়েছেন (Elon Musk on IMF Report)। তাঁর স্পষ্ট দাবি, বিশ্বের ক্ষমতার ভারসাম্য দিনের পর দিন বদলাচ্ছে।

আইএমএফ-র রিপোর্টে এখন ভারতের অবস্থান কত?

আইএমএফ-র জানুয়ারি ২০২৬ এর পূর্বাভাস অনুযায়ী, প্রকাশিত একটি তালিকায় মোট দশটি দেশকে গ্লোবাল রিয়েল জিডিপি গ্রোথে অবদান ভিত্তিতে র‍্যাঙ্কিং করা হয়েছে। আর সেই রিপোর্ট অনুযায়ী, প্রথম স্থানে রয়েছে চিন, দ্বিতীয় স্থানে ভারত এবং তৃতীয় স্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। আইএমএফ জানিয়েছে, ২০২৬ সালে বিশ্ব অর্থনৈতিক বৃদ্ধির ৪৩.৬% অবদান শুধুমাত্র ভারত আর চিন থেকেই আসবে। যার মধ্যে ভারতের অবদান হবে ১৭%, চিনের অবদান ২৬.৬% এবং যুক্তরাষ্ট্রের অবদান থাকবে মাত্র ৯.৯%। আরে রিপোর্ট থেকে স্পষ্ট ইঙ্গিত মিলছে যে, বিশ্ব অর্থনীতির শক্তির কেন্দ্র দিনের পর দিন পূর্ব দিকে সরে যাচ্ছে।

প্রসঙ্গত, আইএমএফ-র এই রিপোর্ট শেয়ার করে এক্স হ্যান্ডেলে এলন মাস্ক মন্তব্য করেন, “The world’s power balance is changing”। বিশেষজ্ঞদের মতে, এই মন্তব্যের পেছনে রয়েছে বর্তমান বিশ্ব বাজারের অস্থিরতা আর বাড়তে থাকা বাণিজ্য উত্তেজনা। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উচ্চ শুল্কনীতি বিশ্ব বাণিজ্যে এখন দিনের পর দিন অনিশ্চয়তা সৃষ্টি করছে। এর ফলে পশ্চিমী দেশগুলোর তুলনায় এশীয় অর্থনীতি দ্রুত ত্বরান্বিত হচ্ছে।

বিশ্ব অর্থনীতি নিয়ে আইএমএফ-র পূর্বাভাস

আইএমএফ-র রিপোর্ট অনুযায়ী, ২০২৬ সালে বিশ্ব অর্থনৈতিক বৃদ্ধি হতে পারে মোটামুটি ৩.৩%। আর ২০২৭ সালে বৃদ্ধি হবে ৩.২%। এমনকি এটি অক্টোবর ২০২৫ এর পূর্বাভাসের তুলনায় সামান্য বেশি। তবে আইএমএফ-র এই ইতিবাচক পূর্বাভাসের পেছনে রয়েছে বেশ কয়েকটি কারণ। তার মধ্যে উল্লেখযোগ্য হল প্রযুক্তিগত উন্নতি, আর্থিক ও মুদ্রানীতিগত সহায়তা, অনুকূল আর্থিক পরিস্থিতি এবং বেসরকারি খাতে শক্তিশালী ভূমিকা।

আরও পড়ুন: কয়লা কেলেঙ্কারিতে নয়া মোড়, হাওড়ার নতুন সিপি আকাশ মাগারিয়াকে তলব ইডির

ভারতের ক্ষেত্রে আইএমএফ স্পষ্ট জানিয়ে দিয়েছে, ২০২৬ সালে ভারতের অর্থনৈতিক বৃদ্ধি হতে পারে ৭.৩%। আর তৃতীয় ত্রৈমাসিকে শক্তিশালী পারফরমেন্স থাকবে। পাশাপাশি চতুর্থ ত্রৈমাসিকেও দ্রুত হারে বৃদ্ধি পেতে পারে। কিন্তু মাঝারি মেয়াদে ভারতের বৃদ্ধির হার ৬.৪% রাখা হয়েছে। কারণ, কিছু বৈশ্বিক ও অভ্যন্তরীণ অনিশ্চয়তা এখনও থেকে যাচ্ছে।

Leave a Comment