বিক্রম ব্যানার্জী, কলকাতা: কেন্দ্রের পাশাপাশি বাড়তে পারে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বা DA-ও (West Bengal DA Hike)। আপাতত এমন স্বপ্নই দেখছেন বাংলার সরকারি চাকুরিজীবী বা কর্মীরা। কারণ, আগামী 5 ফেব্রুয়ারি রাজ্যের অন্তর্বর্তী বাজেট পেশ। অতীত ঘাটলে দেখা যাবে এর আগে যতবার রাজ্যে বাজেট পেশ করা হয়েছে ঠিক সেই সময়ই বেড়েছে বাংলার সরকারি কর্মীদের DA। ফলে, সপ্তদশ বিধানসভার শেষ বাজেটে হয়তো অর্থ মন্ত্রকের ঝুলি থেকে বেরিয়ে আসতে পারে সুখবর, সেই আশাতেই দিন কাটাচ্ছেন রাজ্যের সরকারি কর্মচারীরা।
সরকারি কর্মীদের DA বাড়াবে রাজ্য?
পুরনো কাসুন্দি ঘাটলে জানা যাবে, 2023 সালের রাজ্য বাজেটে সুখবর পেয়েছিলেন বাংলার বহু সরকারি চাকরিজীবী। সে বছর রাজ্যের কর্মীদের জন্য 3 শতাংশ DA বৃদ্ধির ঘোষণা দিয়েছিল রাজ্য সরকার। এরপর 2024 সালেও বাজেট চলাকালীন 4 শতাংশ বেড়েছিল রাজ্যের সরকারি কর্মীদের DA। একই চিত্র ধরা পড়েছিল গত বছর অর্থাৎ 2025 সালের রাজ্য বাজেটেও। সেবারও কর্মীদের 4 শতাংশ মহার্ঘ ভাতা বাড়িয়েছিল মমতা সরকার।
অভিজ্ঞ মহলের অনেকেই মনে করছেন, চলতি বছর অর্থাৎ 2026 এর বাজেটেও একই ধারাবাহিকতা বজায় থাকবে। সবচেয়ে বড় কথা বিধানসভা নির্বাচনের আগে এবারের বাজেট যেহেতু সপ্তদশ বিধানসভার শেষ বাজেট তাই সরকারি কর্মীদের DA বা মহার্ঘ ভাতা নিয়ে সুখবর শোনাবে মমতা সরকার। তবে নতুন বছরে সরকারি কর্মীদের DA ঠিক কতটা বাড়তে পারে সে বিষয়ে কোনও তথ্য মেলেনি। তবে স্বল্প পরিমাণ বাড়লেও একদিক থেকে সুরাহা হবে রাজ্যের কর্মীদের।
অবশ্যই পড়ুন: DA নিয়ে চিন্তার দিন শেষ! সরকারি কর্মীদের জন্য সুখবর
উল্লেখ্য, রাজ্যের সরকারি কর্মীরা বরাবর কেন্দ্রীয় হারে DA দেওয়ার দাবিতে সরব হয়েছেন। তবে বাস্তবের মাটিতে পা রেখে দেখতে গেলে, কেন্দ্রীয় সরকারের অষ্টম পে কমিশনের অধীনে সরকারি কর্মীরা যেখানে 58 শতাংশ মহার্ঘ ভাতা পান সেই পর্বে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ সরকার আজও ষষ্ঠ বেতন কমিশনের আওতাতেই DA দিচ্ছে। তাছাড়াও বিগত দিনগুলিতে পঞ্চম বেতন কমিশনের আওতায় বকেয়া মহার্ঘ ভাতার টাকা নিয়েও বারবার আন্দোলনে সামিল হয়েছেন রাজ্যের বহু সরকারি কর্মী। বাজেট অধিবেশনের আগে নিজেদের প্রাপ্য অর্থ আদায়ের জন্য রাস্তায় নেমেছে সংগ্রামী যৌথ মঞ্চও। জানা যাচ্ছে, বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কর্মীদের বকেয়া টাকা ফিরেয়ে দিতে মঙ্গলবার শহীদ মিনারে এক বিরাট সমাবেশের ডাক দিয়েছে এই সংগঠনটি।