সহেলি মিত্র, কলকাতাঃ ‘ধুরন্ধর (Dhurandhar)’ সিনেমার সাফল্য নিয়ে এখন সপ্তম আকাশে রয়েছেন অভিনেতা রণবীর সিং। এই সিনেমা যেন তাঁকে আরও খ্যাতির দোরগোড়ায় নিয়ে গিয়েছে। যাইহোক, সকলে অপেক্ষা করছিলেন কবে এই সিনেমার দ্বিতীয় অংশ রিলিজ হবে। অবশেষে এবার সেই অপেক্ষার অবসান ঘটল, সেইসঙ্গে আজ মঙ্গলবার ‘Dhurandhar: The Revenge’ -এর এক ঝলক বা ফিল্মি জগতে যাকে বলে টিজার মুক্তি পাবে। কখন মুক্তি পাবে? সিনেমাটাই বা কবে মুক্তি পাবে? সেই বিষয়ে খোলসা করলেন অভিনেতা রণবীর সিং (Ranveer Singh) নিজেই।
আজ টিজার মুক্তি পাচ্ছে ‘Dhurandhar: The Revenge’-র
আজ অভিনেতা রণবীর সিং নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি পোস্ট করেন। আর এই পোস্ট দেখে রীতিমতো চমকে গিয়েছেন সকলে। অভিনেতা ক্যাপশনে লিখেছেন, ‘Ab Bigadne Ka Waqt Aa Gaya Hai.’ অভিনেতা পোস্ট করে জানিয়েছেন, আজ দুপুর ১২:১২ মিনিটে ধুরন্ধর দ্য রিভেঞ্জের টিজার মুক্তি পাবে। সেইসঙ্গে গোটা দেশজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ১৯ মার্চ, ২০২৬-এ।
আরও জানা গিয়েছে, সিনেমাটি হিন্দি, তেলেগু, তামিল, কানাড়া এবং মালয়ালম ভাষায় মুক্তি পাবে। এই সিনেমাতেও অভিনয় করতে দেখা যাবে অক্ষ্ময় খান্না, সঞ্জয় দত্ত, আর মাধবন, অর্জুন রামপাল, সারা অর্জুন, রাকেশ বেদি সহ অনেককে। সিনেমাটির পরিচালক আদিত্য ধর।
আরও পড়ুনঃ আকাশছোঁয়া থেকে মাটিতে নামল সোনা-রুপোর দাম, মুখে হাসি মধ্যবিত্তের
ভিন্ন লুকে ধরা দিলেন অভিনেতা
নতুন শেয়ার করা পোস্টারটিতে রণবীর সিং-কে আগের ছবির থেকে নাটকীয়ভাবে ভিন্ন লুকে ধরা হয়েছে। কালো ট্রেঞ্চ কোট পরে সামনে এবং মাঝখানে দাঁড়িয়ে, চুল খোলা এবং উজ্জ্বল লাল ব্যাকগ্রাউন্ডে, রনবীর সিং-এর উপস্থিতি আরও তীব্র এবং ভয়ঙ্কর গল্পের ইঙ্গিত দিচ্ছে। তাঁর এহেন অবতার যে কারোর রক্ত হিম করে দেবে। আসন্ন ছবিটির গল্পের ব্যাপারে গোপনীয়তা বজায় রেখেছে টিম। তবে রণবীর সিংয়ের চরিত্রে উল্লেখযোগ্য পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সিক্যুয়েলে নতুন প্রতিপক্ষদের খুঁজে বের করা হবে বলে মনে করা হচ্ছে। মুম্বাইয়ের তাজ হোটেলে হামলার কোনও কি বদলা নেওয়া হবে? সবটা জানতে ১৯ মার্চ অবধি অপেক্ষা করতেই হবে।