শীতের বিদায় বেলায় নামল পারদ! দক্ষিণবঙ্গের ৩ জেলায় সতর্কতা, আগামীকালের আবহাওয়া

Weather Tomorrow

প্রীতি পোদ্দার, কলকাতা: মাঘ শেষ হতে এখনও দেরি আছে।কিন্তু তার আগেই ঠাণ্ডার তীব্রতা অনেকটাই কমে গিয়েছে। যদিও গত কয়েকদিনের তুলনায় কলকাতা এবং তার আশপাশের এলাকায় হঠাৎ করেই কিছুটা তাপমাত্রা কমেছে। আর তাতেই সাধারণ মানুষের মনে আবার প্রশ্ন তৈরি হয়েছে যে, তাহলে কী শীত (Weather Tomorrow) আবার ফিরছে? এদিকে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় এখনও ঘন কুয়াশার সতর্কতা রয়েছে। কুয়াশা থাকবে দক্ষিণেও।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, বর্তমানে দু’টি পশ্চিমী ঝঞ্ঝা সক্রিয় রয়েছে দেশে। এ ছাড়াও দিন কয়েকের মধ্যে আরও পশ্চিমী ঝঞ্ঝা তৈরির সম্ভাবনা রয়েছে। যার জেরেই বঙ্গে ওঠানামা করছে তাপমাত্রার পারদ। দুপুরের দিকে হালকা রোদের আভাস দেখা যাচ্ছে। তাই সব মিলিয়ে আবহাওয়া দপ্তর স্পষ্ট জানিয়েছে, নতুন করে ঠান্ডা পড়ার আর কোনও আশঙ্কা নেই। তবে উত্তরবঙ্গে এখনও বজায় থাকবে ঠান্ডা। এক নজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ বুধবার কনকনে ঠান্ডা না থাকলেও সকাল-সন্ধ্যায় বেশ অনুভূত হবে হালকা শীতের আমেজ। বেলা গড়ালেই বাড়বে রোদের তেজ। আগামী কয়েকদিন বৃষ্টির কোনো সম্ভাবনাও নেই। তবে কুয়াশার দাপট বজায় থাকবে। দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুরের মতো কিছু জেলায় সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। এর ফলে দৃশ্যমানতা কমে যেতে পারে ৯৯৯ মিটার থেকে ২০০ মিটার পর্যন্ত।

আরও পড়ুন: আমেরিকার এক সিদ্ধান্তে বাংলাদেশ, পাকিস্তানের চেয়ে এগিয়ে গেল ভারত

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গে হালকা শীতের আমেজ থাকলেও উত্তরবঙ্গে এই মুহূর্তে আবহাওয়া আপাতত বেশ মনোরম। আগামীকাল অর্থাৎ বুধবার দার্জিলিংয়ের পার্বত্য এলাকার তাপমাত্রা আপাতত ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই থাকবে। এবং সমতলের জেলাগুলিতে তাপমাত্রা ১৪ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই ঘোরাফেরা করবে। আপাতত উত্তরবঙ্গের তাপমাত্রায় বিশেষ কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। অন্যদিকে উত্তরবঙ্গে বজায় থাকবে কুয়াশার দাপট। সেই কারণে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুরে ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে।

Leave a Comment