সুপ্রিম কোর্টে পৌঁছলেন আইনজীবী মমতা, SIR মামলায় করবেন সওয়াল-জবাব

Mamata Banerjee in Supreme court

প্রীতি পোদ্দার, কলকাতা: ২৬ এর বিধানসভা নির্বাচন নিয়ে এমনিতেই উত্তপ্ত পরিস্থিতি রাজ্য রাজনীতিতে। তার উপর আজ সুপ্রিম কোর্টে SIR মামলার শুনানি হতে চলেছে, যার ফলে সকলের চোখ এখন সুপ্রিম কোর্টের (Supreme Court) দিকে। এমতাবস্থায় দেশের ইতিহাসে এক ঐতিহাসিক ঘটনা ঘটতে চলেছে। জানা গিয়েছে, SIR মামলায় আজ, বুধবার আইনজীবী হিসেবে সুপ্রিম কোর্টে সওয়াল করবেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)!

চাঞ্চল্যকর পোস্ট তৃণমূলের

গতকাল অর্থাৎ মঙ্গলবার, রাতে সোশ্যাল মিডিয়ায় তৃণমূলের তরফে একটি ছবি পোস্ট করা হয়েছিল, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সওয়াল করার সম্ভাবনা বেড়েছে। যে ছবিতে দেখা যাচ্ছে, এক মহিলা পরনে নীল পাড়-সাদা শাড়ি পরে এবং আইনজীবীর কালো কোট পরে সুপ্রিম কোর্টের সিঁড়ি দিয়ে উঠছেন। ছবির সঙ্গে লেখা রয়েছে, ‘ঐতিহাসিক। SIR-র বিরুদ্ধে সুপ্রিম কোর্টে সওয়াল করবেন মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়।’ ছবির উপরে ক্যাপশনে লেখা হয়েছে, ‘বিজেপির আছে মিথ্যে মামলার জাল, জনগণের উকিল হয়ে দিদিই সামলাচ্ছেন বাংলার হাল।’ যদিও এই নিয়ে মুখে কুলুপ এঁটেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আজই হবে SIR সংক্রান্ত মামলার শুনানি

সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুসারে, আজ, বুধবার প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী, বিচারপতি বিপুল এম পাঞ্চোলির বেঞ্চে SIR সংক্রান্ত মামলার শুনানি হওয়ার কথা। সকাল সোয়া দশটা থেকে শুরু হবে। তৃণমূলের দুই সাংসদ ডেরেক ও’ব্রায়েন ও দোলা সেন একটি মামলা করেছিলেন সেটি প্রধান বিচারপতির বেঞ্চে এক নম্বর কোর্টে শুনানির তালিকায় ২১ নম্বরে রয়েছে। আবার এই বিষয়ে মমতার দাখিল করা পিটিশন প্রধান বিচারপতির বেঞ্চে এক নম্বর কোর্টে শুনানির তালিকায় রয়েছে ৩৭ নম্বরে। অন্যদিকে ৩৬ নম্বরে রয়েছে কবি জয় গোস্বামীর মামলা। অর্থাৎ আজই সব মামলার শুনানি একসঙ্গে হওয়ার কথা।

কী বলছেন কুণাল শুভেন্দু?

তৃণমূল কংগ্রেসের পোস্ট করা ছবিটি শেয়ার করেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তার সঙ্গে ক্যাপশনে লিখেছেন, ‘জয় বাংলা।’ অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় এদিন সুপ্রিম কোর্টে কালো গাউন পরে সওয়াল করবেন বলে কটাক্ষ করেছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। তাঁর মতে, “নির্বাচনের প্রাক্কালে আরেকটা ড্রামা অপেক্ষা করছে, সবাই দেখবে, আবার নাটক করবেন তিনি।” জানা গিয়েছে, ইতিমধ্যেই মমতা তার আইনজীবীদের মাধ্যমে একটি অন্তর্বর্তীকালীন আবেদন দাখিল করেছেন যাতে তিনি ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে যুক্তি পেশ করার অনুমতি চেয়েছেন।

আরও পড়ুন: কমবে বিদ্যুতের বিল, কেন্দ্র সরকারের এই প্রকল্পে পাবেন বড় সুবিধা

সুপ্রিম কোর্টে পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়

প্রসঙ্গত, এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় বারেবারেই দাবি করেছিলেন যে তিনি আইন পাশ করেছেন। আইনজীবী হিসেবে কালো কোট গায়ে দিয়ে বালুরঘাটের একটি মামলায় দাঁড়িয়েছিলেন। এছাড়াও SIR নিয়ে তাঁর বক্তব্য ছিল, ‘দরকার হলে আমিও সুপ্রিম কোর্টে মানুষের হয়ে আবেদন জানাব, মানুষের হয়ে কথা বলব। আমি আইনজীবী। কিন্তু নাগরিক হিসেবে যাব। আমি আমার কথা বলতেই পারি।’ শেষ আপডেট অনুযায়ী, ইতিমধ্যেই সকাল ১০টা নাগাদ সুপ্রিম কোর্টে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখন দেখার পালা শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে ‘উকিল’ হিসেবে আদেও মমতাকে দেখা যাবে কি না।

Leave a Comment