বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইন্ডিয়ান সুপার লিগ শুরু হতে আর কয়েকটা দিন। তার আগেই নতুন ফুটবলারকে সই করিয়ে শক্তি বাড়িয়ে নিয়েছে ইস্টবেঙ্গল (East Bengal FC)। সেই তারকাকে কবে ময়দানে দেখা যাবে তা জানতেই উদগ্রীব হয়েছিলেন লাল হলুদ ভক্তরা। অবশেষে সেই অপেক্ষা মিটতে চলেছে। জানা যাচ্ছে, সব ঠিক থাকলে আজ অর্থাৎ শুক্রবারই শহর কলকাতায় পা রাখবেন ইস্টবেঙ্গলের নতুন গোল মেশিন ইউসেফ এজেজারি। তবে তিনি একা নন, লাল হলুদের আরও এক দুর্ধর্ষ ফুটবলারও শহরে আসছেন এদিন।
ইউসেফকে নিয়ে আত্মবিশ্বাসী ইস্টবেঙ্গল
ইন্ডিয়ান সুপার লিগের আগেই ব্যর্থতার কারণে দুই দুর্ধর্ষ স্ট্রাইকারকে ছেড়ে দিয়েছে লাল হলুদ। মশাল শিবিরে এসে নিজের নামের প্রতি একেবারেই সুবিচার করতে পারেননি মরক্কোর গোল মেশিন হামিদ আহদাদ। ফলে ইস্টবেঙ্গল থেকে বাদ পড়তে হয়েছে তাঁকে। মশাল ব্রিগেড থেকে বাদ পড়েছেন ডার্বি জয়ের নায়ক দিমিত্রিয়স দিয়ামানতাকোসের বিকল্প হিসেবে শহরে আসা দীঘল জাপানি ফুটবলার হিরোশি ইবুসুকিও। এই দুই দুর্ধর্ষ ফুটবলারকে হারানোর পর শূন্যস্থান ভরাট করতে একেবারে মরিয়া চেষ্টা চালাচ্ছিল ইস্টবেঙ্গল থিঙ্কট্যাঙ্ক।
শেষ পর্যন্ত সেই চেষ্টায় কাজ হয়েছে। সম্প্রতি, দীর্ঘ খোঁজাখুঁজির পর জেরি মাওয়াইয়া এবং ইউসেফকে দলে নিয়েছে ইস্টবেঙ্গল। এর আগে গত শুক্রবার শহরে আসার কথা ছিল ইউসেফের। তবে ভিসা সমস্যার কারণে ইস্টবেঙ্গল শিবিরে আসতে পারেননি তিনি। তবে সেই সমস্যা মেটায় আজই লাল হলুদের ছত্রছায়ায় জায়গা পাবেন এই ফুটবলার। ইন্ডিয়ান সুপার লিগের আগে এহেন একজন ফুটবলারকে দলে পেয়ে আত্মবিশ্বাসী ইস্টবেঙ্গলের প্রধান কোচ অস্কার ব্রুজো।
অবশ্যই পড়ুন: ষষ্ঠবার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হতে মাঠে নামল টিম ইন্ডিয়া, ফাইনাল ইংল্যান্ডের বিরুদ্ধে
শহরে আসছেন আরও এক তারকা ফুটবলার
লাল হলুদ সূত্রে খবর, শুক্রবার ভিসা সমস্যা কাটিয়ে নতুন স্ট্রাইকার ইউসেফের পাশাপাশি কলকাতায় পা রাখবেন লাল হলুদের পুরনো সঙ্গী মহম্মদ রশিদও। আসলে কিছুদিন আগেই পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তাঁর স্ত্রী। ফলে দায়িত্ব বেড়েছে রশিদের। সর্বোপরি বাবা হয়েছেন তিনি। সেই কারণেই এতদিন পিতৃত্বকালীন ছুটিতে ছিলেন ইস্টবেঙ্গল ফুটবলার। অবশেষে সেই ছুটি কাটিয়ে পরিবারকে সময় দিয়ে নিজের কর্মস্থলে ফিরছেন লাল হলুদ তারকা।