প্রীতি পোদ্দার, কলকাতা: পৌষে যে পরিমাণ শীত পড়েছিল, তাতে সকলের হালাত একেবারে খারাপ হয়ে গিয়েছিল। কিন্তু মাঘের শুরু থেকেই শীতের (Weather Tomorrow) ঝাঁজ যেন নিমেষেই উধাও হয়ে গিয়েছে। স্বাভাবিকের অনেক উপরে উঠে গিয়েছে তাপমাত্রা। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬-১৭ ডিগ্রি পর্যন্ত পৌঁছে গিয়েছিল। কিন্তু সম্প্রতি নতুন করে পারদ নিম্নমুখী হয়েছে দক্ষিণবঙ্গে। তবে কি ভালবাসার সপ্তাহে আবহাওয়ার নতুন টুইস্ট আসতে চলেছে?
আবহাওয়া দপ্তর জানিয়েছে, নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে জম্মু-কাশ্মীরে। হরিয়ানা ও উত্তরপ্রদেশে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। যার জেরেই ফিকে হচ্ছে শীত। তবে ইদানিং বেশ কয়েকদিন ধরে শহর জুড়ে হালকা শীতের আমেজ অনুভূত হচ্ছে। রাতে ও ভোরের দিকে শীতের প্রকোপ বেড়েছে। ঠাণ্ডা হাওয়া বইছে চারিদিকে। যার ফলে অনেকেরই ধারণা ভ্যালেন্টাইস ডে-তেও শীত বজায় থাকবে। তবে এবার এই নিয়ে বড় আপডেট দিল হাওয়া অফিস। একনজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ শনিবার কলকাতার সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী ২৪ ঘণ্টায় অন্তত দুই ডিগ্রি কমবে তাপমাত্রা। অর্থাৎ, কলকাতায় ফের ১৩ ডিগ্রির ঘরে নামতে পারে পারদ। পশ্চিমের জেলাগুলিতে শীতের দাপট আরও বেশি অনুভূত হবে। কোথাও কোথাও পারদ ১০ ডিগ্রির কাছাকাছি নামতে পারে। পাশাপাশি দক্ষিণবঙ্গে কুয়াশার দাপট আগের চেয়ে অনেকটা কম থাকবে।
আরও পড়ুন: ১০০০ টাকা বেতন বাড়লেও খুশি নন পার্শ্ব শিক্ষক থেকে আশা কর্মীরা, শুরু প্রতিবাদ
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
দক্ষিণবঙ্গে শীতের আমেজ ধীরে ধীরে টের পেলেও উত্তরবঙ্গে শীতের আমেজ বেশ ভালোভাবেই অনুভূত হবে। এই প্রসঙ্গে আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী চার-পাঁচ দিনে উত্তরবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। অর্থাৎ দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় আগামী রবিবার পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে ৫ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস। কালিম্পং সহ উত্তরবঙ্গের উঁচু ও সমতলের জেলাগুলিতে তাপমাত্রা থাকবে ১০ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। মালদহ সহ নিচের দিকের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৩ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াস। আপাতত ঘন কুয়াশার কোনও সতর্কতা নেই।