প্রীতি পোদ্দার, কলকাতা: শিয়রে বিধানসভা নির্বাচন। তাই ভোটপ্রস্তুতির কর্মসূচিতে মেতে উঠেছে রাজনৈতিক দলগুলি। আর সেই কারণে এবার কিছুটা এগিয়ে আনা হয়েছে মাধ্যমিক পরীক্ষা। তবে এবার পরীক্ষার মাঝেই অভিভাবক এবং পরীক্ষার্থীদের মধ্যে চলছে অন্য প্রশ্ন, আর সেটি হল কবে বেরোবে মাধ্যমিকের রেজাল্ট। আর এই আবহে তাই পরীক্ষা চলাকালীন মাধ্যমিকের ফলাফল নিয়ে বড় ঘোষণা করলেন মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE) সভাপতি ডঃ রামানুজ গঙ্গোপাধ্যায়।
স্কুল পরিদর্শনে গেলেন মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি
রিপোর্ট মোতাবেক, আজ, শনিবার ভূগোল পরীক্ষার দিন ব্যবস্থাপনা খতিয়ে দেখতে বোলপুরের শ্রী নন্দা উচ্চবিদ্যালয়, দ্বারোন্দা চণ্ডীমাতা উচ্চবিদ্যালয় পরিদর্শনে গিয়েছিলেন মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি ডঃ রামানুজ গঙ্গোপাধ্যায়। স্কুলের নিরাপত্তা পরিকাঠামো সহ অন্যান্য ব্যবস্থাপনা দেখে বেশ খুশি তিনি। কারণ গত বছরেও তিনি এই স্কুল পরিদর্শনে এসেছিলেন, এক বছরের মধ্যে যেভাবে বদল ঘটেছে তাতে অত্যন্ত খুশি তিনি। রামানুজ গঙ্গোপাধ্যায় আশা রাখছেন যে এই স্কুলটি রাজ্যের অন্যান্য স্কুলের কাছে একটি দৃষ্টান্ত হয়ে দাঁড়াতে পারে। পাশাপাশি এদিন তিনি মাধ্যমিকের ফলাফল প্রকাশ নিয়েও মন্তব্য করেছেন।
কবে বেরোবে মাধ্যমিকের ফলাফল?
মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি ডঃ রামানুজ গঙ্গোপাধ্যায় জানান যে, “ প্রতিবছর মাধ্যমিক পরীক্ষার ফলাফল বের হয় পরীক্ষা শেষ হওয়ার ৯০ দিনের মাথায়। এমনই নিয়ম চলে আসছে। তাই এবারেও সেটার ব্যতিক্রম হবে না। তবে মাধ্যমিকের ফলপ্রকাশের পাকাপাকি দিনক্ষণ পরে মধ্যশিক্ষা পর্ষদের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হবে।” প্রতিবারের মতো এবারও প্রশ্নফাঁস রুখতে একগুচ্ছ নিয়মকানুন জারি করেছে পর্ষদ। তাই আপাতত কোথাও প্রশ্ন ফাঁসের খবর প্রকাশ্যে আসেনি, তাই স্বাভাবিকভাবে বেশ খুশি পর্ষদ সভাপতি।
আরও পড়ুন: পদ্মশ্রী প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে সংবর্ধনা সুকান্ত মজুমদারের, ভোটের আগে বাড়ল জল্পনা
প্রসঙ্গত, চলতি বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে গত ২ ফেব্রুয়ারি থেকে। যা চলবে আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। এবার মোট পরীক্ষার্থী ৯ লক্ষ ৭১ হাজার ৩৪০ জন। তার মধ্যে ছাত্র ৪ লক্ষ ২৬ হাজার ৭৩৩ জন। বাকি ৫ লক্ষ ৪৪ হাজার ৬০৬ জন ছাত্রী। তৃতীয় লিঙ্গের পরীক্ষার্থী মাত্র একজন। গোটা রাজ্যে মোট ২ হাজার ৬৮২ টি কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে পড়ুয়ারা। এবং নিরাপত্তা ব্যবস্থা সঠিক রাখতে সব কেন্দ্রেই মোতায়েন করা হয়েছে রাজ্য পুলিশ।