বিক্রম ব্যানার্জী, কলকাতা: ক্রিকেটে তিনি বিস্ময় বালক। ব্যাট হাতে যেভাবে প্রতিপক্ষের বোলারদের ঘাম চুটিয়ে দেন, তাতে তাঁকে সম্মান জানানো ছাড়া দ্বিতীয় কোনও বিকল্প থাকে না প্রতিপক্ষ দলের প্লেয়ারদের। হ্যাঁ, বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi) এমনই এক নাম যিনি সময়ের সাথে সাথে নিজের জনপ্রিয়তা বাড়িয়ে চলেছেন। সদ্য অনূর্ধ্ব 19 একদিনের বিশ্বকাপের ফাইনালে কার্যত ইংরেজদের পিটিয়ে বিশ্ব জয় করেছে ভারত। সেই জয়ের অন্যতম বড় কারিগর বিহারের ভূমিপুত্র। প্রশ্ন উঠছে, এবার কি তাহলে সিনিয়র দলে সুযোগ পাবেন 14 বছরের বৈভব?
বিরাট কোহলিদের দলে সুযোগ পাবেন বৈভব?
একেবারে শুরু থেকেই ভয়ডরহীন ক্রিকেট খেলে এসেছেন খুদে বৈভব। উইকেটে দাঁড়িয়ে থেকে হয় চার অথবা ছয়ই মারেন তিনি। তাঁর ব্যাটে খুব একটা ছোট রান দেখা যায় না বললেই চলে। সেই ক্রিকেটারকেই এবার ভারতের সিনিয়র দলে জায়গা দেওয়া হোক বলেই দাবি জানিয়েছিলেন ক্রিকেটপ্রেমীরা। তাঁদের বক্তব্য, বিশ্বমানের বোলারদের বিরুদ্ধে দাপিয়ে খেলেন বৈভব। সিনিয়র দলে জায়গা পেলেও একইভাবে খেলবেন তিনি।
কিন্তু আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের নিয়ম অন্য কথা বলছে। 2020 সালে ICC আন্তর্জাতিক ক্রিকেটের সিনিয়র পর্যায়ে খেলার ন্যূনতম বয়স সংক্রান্ত একটি বিধি চালু করেছিল। সেই বিধি বা নিয়ম অনুযায়ী, একজন ক্রিকেটার তখনই আন্তর্জাতিক সিনিয়র লেভেল ক্রিকেটে অংশগ্রহণ করতে পারবেন যখন তাঁর বয়স ন্যূনতম 15 বছর হবে। সেক্ষেত্রে বোঝাই যাচ্ছে, সিনিয়র দলে জায়গা পেতে হলে 15 বছর হওয়া বাধ্যতামূলক। এদিকে বৈভবের বয়স এখন 14+। আগামী 27 মার্চ 15 বছরে পা দেবেন তিনি। কাজেই বিশ্ব ক্রিকেট সংস্থার নিয়ম মেনে এখনই সিনিয়র দলের সুযোগ পাচ্ছেন না তিনি।
অবশ্যই পড়ুন: কাশ্মীরকে পাকিস্তানের অংশ বলেছিল শেহবাজ, আমেরিকা এক ছবিতেই দিয়ে দিল জবাব
যদিও, বিশেষ কিছু ক্ষেত্রে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের নিয়মে ছাড় রয়েছে। কিন্তু তা হলেও বৈভব সূর্যবংশী 15 বছরের আগে সিনিয়র দলে সুযোগ পাচ্ছেন না একথা একেবারে জলের মতো পরিষ্কার। ক্রিকেট বিশেষজ্ঞদের কেউ কেউ মনে করছেন, বৈভব সূর্যবংশীর মধ্যে বড়দের টিমে খেলার জন্য যাবতীয় রসদ রয়েছে। ও একজন গুনি ক্রিকেটার। ওর ব্যাটিং দক্ষতা, মানসিক দৃঢ়তা এবং শারীরিক প্রস্তুতি নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড পুরোপুরি সন্তুষ্ট।