বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতীয় দলে ব্রাত্য মহম্মদ শামি। সাম্প্রতিককালে এমন বহু পরিস্থিতি তৈরি হয়েছে যখন টিম ইন্ডিয়ার প্রয়োজন অভিজ্ঞ পেসার শামির (Mohammed Shami)। কিন্তু তাও জাতীয় দলে ডাক পাননি তিনি। এইতো কিছুদিন আগেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে, টি-টোয়েন্টির পর নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুই সংস্করণেই খেলেছে ভারত। তবে কোনও ক্ষেত্রেই সুযোগ দেওয়া হয়নি ভারতীয় দলের একসময়ের নিয়মিত তারকা ক্রিকেটারকে। সবচেয়ে বড় কথা, চোটের কারণে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন গম্ভীরের পাত্র। তাও মহম্মদ শামির কথা ভাবিনি টিম ম্যানেজমেন্ট। কিন্তু কেন? কেন ভারতীয় দলে আর ডাক পাচ্ছেন না অভিজ্ঞ পেসার?
কেন ভারতীয় দলে জায়গা হচ্ছে না শামির?
টি-টোয়েন্টি বিশ্বকাপের ঠিক একদিন আগে হাঁটুতে চোট নিয়ে ছিটকে গিয়েছিলেন তারকা পেসার হর্ষিত রানা। ফলে স্বাভাবিকভাবেই চিন্তা বেড়েছিল বোর্ডের। যদিও রানা বাদ পড়ার কয়েক ঘন্টার মধ্যেই তাঁর বিকল্প হিসেবে মহম্মদ সিরাজকে বেছে নেয় ম্যানেজমেন্ট। এখানেই শেষ নয়, বিশ্বকাপের প্রথম ম্যাচে আমেরিকার বিরুদ্ধে খেলতে পারবেন না জসপ্রীত বুমরাহ। জানা গিয়েছে, ভাইরাল ফিভারে আক্রান্ত তিনি। ফলে ঠিক কবে টিম ইন্ডিয়ার হয়ে মাঠে নামবেন জসপ্রীত, তা নিয়ে প্রশ্ন রয়েছে। এমতাবস্থায় কেন বিকল্প হিসেবে শামির নাম ভাবা হচ্ছে না তা নিয়ে উঠছে প্রশ্ন।
শেষবারের মতো, গত বছরের চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের জার্সি গায়ে মাঠে নেমেছিলেন শামি। এরপর থেকে আর ভারতীয় দলে দেখা যায়নি তাঁকে। সাম্প্রতিককালে ঘরোয়া ক্রিকেটে বারবার নিজের জাত চিনিয়েছেন এই বোলার। কিন্তু তাও টিম ইন্ডিয়ায় জায়গা হয়নি তাঁর। কেন? এ প্রসঙ্গে ভারতীয় দলের প্রধান নির্বাচক অজিত আগরকরের বক্তব্য, শামি কতটা ফিট সে বিষয়ে তাদের কাছে কোনও তথ্য নেই। তিনি যদি পুরোপুরি ফিট থাকেন তবে অবশ্যই ভারতীয় দলে খেলার সুযোগ পাবেন। এ নিয়ে ভারতীয় তারকা পাল্টা জানিয়েছিলেন, “নির্বাচন কমিটি অথবা বোর্ডকে নিজের ফিটনেস সম্পর্কে আপডেট দেওয়াটা আমার কাজ নয়।”
অবশ্যই পড়ুন: দক্ষিণবঙ্গের ৪ জেলায় শীতের তীব্র কামড়, কেমন থাকবে আজকের আবহাওয়া?
এই কারণে ভারতীয় দলে সুযোগ পাচ্ছেন না শামি
ভারতীয় ক্রিকেটার বারবার নিজের ফিটনেস সম্পর্কে আত্মবিশ্বাসী মন্তব্য করলেও টিম ইন্ডিয়ার নির্বাচন কমিটি তা মানতে নারাজ। ভারতীয় ক্রিকেট বোর্ডের এক সূত্র মারফত খবর, শামির ফিটনেস রুটিন এবং ঠিকমতো রিহ্যাব না করার ঘটনাগুলি নিয়ে বিরক্ত টিম ম্যানেজমেন্ট। তাছাড়াও আন্তর্জাতিক ম্যাচের ক্ষেত্রে খেলোয়াড়ের বয়সটাকেও ধরা হচ্ছে। এসব কিছুর কারণেই ভারতীয় দলে সুযোগ পাচ্ছেন না শামি। যদিও এ বিষয়ে দ্বিমত রয়েছে অনেকেরই। ভারতের বহু প্রাক্তন ক্রিকেটার মনে করেন, শামির মতো একজন অভিজ্ঞ বোলারকে বসিয়ে রেখে আদতে ক্ষতি হচ্ছে বোর্ডেরই।