সহেলি মিত্র, কলকাতা: ফের একবার অশান্ত হয়ে উঠল সীমান্ত। যুবককে গুলি করল BSF। মূলত অবৈধভাবে সীমানা পেরোতে গিয়ে বিএসএফ জওয়ানদের নজরে পড়ে এক বাংলাদেশী। এরপর তাকে রুখতে রাবার বুলেট ছোড়ে বিএসএফ। এতেই জখম হন এক বাংলাদেশি অনুপ্রবেশকারী বলে খবর। মঙ্গলবার কোচবিহার জেলার মেখলিগঞ্জ সীমান্তে ঘটা এহেন ঘটনাকে কেন্দ্র করে প্রবল চাঞ্চল্য ছড়িয়েছে।
BSF -এর গুলিতে জখম অনুপ্রবেশকারী
সূত্রের খবর, ওই যুবক বাংলাদেশের নীলফামারীর জেলার বাসিন্দা। অভিযোগ, সে মেখলিগঞ্জের উন্মুক্ত সীমানা দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন। সে সময় বিএসএফ একটি রবার বুলেট ছোড়েন। ওই বুলেটের আঘাতে যুবক আহত হন বলে জানা গিয়েছে। তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
তদন্ত শুরু BSF -এর
ইতিমধ্যেই গোটা ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে বিএসএফ। এমনিতেই বাংলাদেশের সাধারণ নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি, প্রতিবেশী দেশের সাথে ৪,০৯৬ কিলোমিটার আন্তর্জাতিক সীমান্ত পাহারা দেওয়া সীমান্ত নিরাপত্তা বাহিনীর (বিএসএফ) সদস্যদের ভারতে কোনও ঝামেলা এড়াতে হাই অ্যালার্ট মোডে রাখা হয়েছে। বিএসএফ জওয়ানরা সর্বদা সতর্ক থাকে, তবে বাংলাদেশে নির্বাচনের কথা মাথায় রেখে তাদের অতিরিক্ত সতর্কতা অবলম্বন করার নির্দেশ দেওয়া হয়েছে। সূত্র আরও জানিয়েছে, এই মুহূর্তে বিএসএফ সদস্য মোতায়েন পর্যাপ্ত, এবং অতিরিক্ত মোতায়েনের কোনও প্রয়োজন নেই। তবে এরই মাঝে অনুপ্রবেশের ঘটনাকে কেন্দ্র করে নতুন করে দেশ ও সীমান্তের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।
আরও পড়ুনঃ লক্ষ্মীর ভাণ্ডার, যুব সাথীর পর এদের ৪০০০ টাকা দেবে পশ্চিমবঙ্গ সরকার
ঘটনা প্রসঙ্গে বিএসএফ সরাসরি মুখ না খুললেও, তবে রবার বুলেটের আঘাতে জখম হওয়া এক ব্যক্তি মেখলিগঞ্জ মহাকুমা হাসপাতালে চিকিৎসাধীন থাকার কথা স্বীকার করে নিয়েছেন মেখলিগঞ্জ মহকুমা হাসপাতাল সুপার তাপস দাস। এ দিন ওই যুবকের থেকে থেকে বাংলাদেশের পরিচয় পত্র পাওয়া গিয়েছে বলেও জানা গিয়েছে। মেখলিগঞ্জের এসডিপিও আশিস পি সুব্বা জানান, ঘটনার বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে।