সৌভিক মুখার্জী, কলকাতা: সরকারি চাকরি মানে স্থায়ী আয় এবং সামাজিক নিরাপত্তা। এই ধারণা সাধারণ মানুষের মধ্যে বাচ্চা বয়স থেকেই থাকে। তবে তেলেঙ্গানায় (Telangana) এক সরকারি সাফাইকর্মীর মাসিক বেতন প্রায় ২ লক্ষ টাকা! শুনতে অবাক লাগলেও এক্কেবারে সত্যি। সম্প্রতি এমনি তথ্য সামনে উঠে এসেছে। বিশেষ করে সিনিয়র সুইপার পদে কর্মরতদের বেতনের অংক নিয়ে এখন চলছে জোর আলোচনা। কীভাবে শুধুমাত্র একজন সাফাইকর্মী হয়ে মাসে মাসে ২ লক্ষ টাকা বেতন পান তিনি? জানুন বিস্তারিত।
মুখ্যসচিবের তথ্যে সামনে আসলো ভয়ংকর পরিসংখ্যান
আসলে সম্প্রতি তেলেঙ্গানার মুখ্য সচিব কে রামকৃষ্ণ রাও সরকারি কর্মচারীদের বেতন এবং পেনশন সংক্রান্ত তথ্য প্রকাশ করেছেন। আর সেখানে উল্লেখ করা হয়, রাজ্যের বিদ্যুৎ দফতরের চিফ ইঞ্জিনিয়ারদের মাসিক বেতন সাড়ে ৭ লক্ষ টাকা। আর গ্রেটার হায়দ্রাবাদ পুরনিগমের একজন সিনিয়র গ্রেড-৪ সাফাইকর্মীর বেতন প্রায় ২ লক্ষ টাকার কাছাকাছি। তাঁর বক্তব্য অনুযায়ী, গত এক দশকে সরকারি কর্মচারীদের বেতন এবং পেনশন বাবদ প্রায় চারগুণ ব্যয় বৃদ্ধি করা হয়েছে এবং তা ৬০০০ কোটি টাকায় পৌঁছেছে।
এদিকে ১৬ তম ফাইন্যান্স কমিশন সংক্রান্ত এক আলোচনায় মুখ্যসচিব স্পষ্ট জানিয়েছেন, ২০১৪ সালের পর থেকে তেলেঙ্গানায় সরকারি কর্মচারীদের বেতন এবং পেনশন খাতে ব্যয় অনেকটাই বাড়ানো হয়েছে। নিয়মিত বেতন সংশোধন এবং বেসিক পে পুনর্মূল্যায়ণের ফলে এই খাতে খরচ ৩০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর বিশেষজ্ঞদের মতে, একাধিক দফায় বেতন পুনর্বিন্যাস এবং নির্বাচনের আগে কর্মীবান্ধব সিদ্ধান্তের জেরেই নিম্নপদস্থ কর্মীদের বেতনের এই উত্থান।
আরও পড়ুন: CEO দফতরের সামনে শুভেন্দুকে হেনস্তা নিয়ে তৎপর কলকাতা হাইকোর্ট, এল বড় নির্দেশ
এদিকে চর্চা আরও বেড়েছে কারণ, রাজ্যের কয়েকটি পদে সরকারি কর্মচারীদের বেতন আইএএস অফিসার বা রাজ্যপালের বেতনের সঙ্গে টেক্কা দিচ্ছে। যদিও এই তুলনা নির্ভর করছে পদ, অভিজ্ঞতা সহ মোট আর্থিক প্যাকেজের উপরেই। কারণ, তেলেঙ্গানা সরকারের বেতন মূল্যায়ন কমিশনের সুপারিশ মেনে বেসিক পে এবং মহার্ঘ্য ভাতা নির্ধারণ করা হয়ে থাকে। এর ফলে নিম্ন এবং মধ্যপদস্থ কর্মীদের বেতন অনেকটাই বাড়ানো হয়েছে। এমনকি এর জন্য রাজ্যের তরুণ প্রজন্মের মধ্যে সরকারি চাকরির প্রতি আকর্ষণও যে বেড়েছে তা বলার অপেক্ষা রাখে না। আর বেসরকারি চাকরির পাশাপাশি এখন সরকারি নিয়োগের বিজ্ঞপ্তিতেও আবেদনের সংখ্যা বাড়ছে।