প্রীতি পোদ্দার, কলকাতা: বিধানসভা নির্বাচন নিয়ে ডামাডোল পরিস্থিতি রাজ্য জুড়ে। রাজনৈতিক দলগুলি জনসংযোগ বৃদ্ধিতে যেন উঠে পড়ে লেগেছে। আর এই উত্তপ্ত পরিস্থিতির মাঝেই তৃণমূলে যোগ দিলেন এশিয়ান গেমসে সোনাজয়ী অ্যাথলিট স্বপ্না বর্মণ। শুক্রবার তৃণমূল ভবনে জলপাইগুড়ির বিশিষ্ট অ্যাথলিট স্বপ্না বর্মণকে হাতে পতাকা দিয়ে দলে স্বাগত জানালেন রাজ্যের মন্ত্রী গৌতম দেব, চন্দ্রিমা ভট্টাচার্য এবং ব্রাত্য বসু। এমতাবস্থায় ফের বিতর্কে জড়ালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। মঞ্চে স্বপ্নার কৃতি নিয়ে করলেন ভুল মন্তব্য। ভাইরাল সেই ভিডিও।
তৃণমূলে যোগ স্বপ্না বর্মনের
বিধানসভা নির্বাচনের প্রাক্কালে গতকাল অর্থাৎ শুক্রবার, তৃণমূল ভবনে জোড়াফুলে যোগ দিলেন জলপাইগুড়ি উত্তরবঙ্গের অ্যাথলিট কন্যা স্বপ্না বর্মণ। গত বছরই রাজনীতিতে যোগদানের সম্ভাবনার কথা জানিয়েছিলেন স্বপ্না। তবে কোন দলে যোগদান করবেন, সে ব্যাপারে কিছু জানাননি। অবশেষে হাত ধরলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি প্রথম ভারতীয় হিসেবে এশিয়ান গেমসে সোনা জিতেছিলেন। জানা গিয়েছে, ২০১৭ সালে, এশীয় অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে, হেপ্টাথলন ইভেন্টে তিনি প্রথম স্থান লাভ করেছিলেন। পরের বছর ২০১৮ সালে এশিয়ান গেমসে সোনা জিতেছিলেন স্বপ্না। তারপরই তিনি জানিয়েছিলেন, যে সে আর অ্যাথলেটিক্সের ট্র্যাকে নামবেন না। কারণ হিসেবে জানিয়েছিলেন পীঠে ব্যথা। কিন্তু এবার তাঁর এই খেলা নিয়ে ভুল মন্তব্য করলেন ব্রাত্য বসু।
আরও পড়ুনঃ সুপ্রিম কোর্টের আইনজীবী থেকে দেশের প্রথম সমকামী সাংসদ, কে এই মেনকা গুরুস্বামী?
স্বপ্নার কৃতি নিয়ে বিতর্কিত মন্তব্য ব্রাত্যর
শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু শুক্রবার সাংবাদিক সম্মেলনে জানান যে, “ আমরা আমাদের দলে স্বপ্না বর্মণকে পেয়ে খুবই গর্বিত। তিনি কমনওয়েলথ গেমসে দেশকে সোনা এনে দিয়েছেন। দেশের মানুষকে গর্বিত করেছেন। এঁনাদের স্থান একমাত্র আমাদের তৃণমূলে।” যেখানে এশিয়ান গেমসে স্বপ্না বর্মণ সোনা জিতেছেন সেখানে কমনওয়েলথ গেমসে সোনা এনেছেন এই মন্তব্য করায় বিতর্কের মুখে পড়েছেন ব্রাত্য। ভিডিও ভাইরাল হতেই রীতিমত কটাক্ষের বন্যা বয়ে গিয়েছে নেট দুনিয়ায়। অনেকের কটাক্ষ একজন শিক্ষামন্ত্রী হয়ে কীভাবে দলের কর্মীর সমন্ধে ভুল তথ্য দিলেন। যদিও এই নিয়ে এখনো কোনো প্রতিক্রিয়া দেননি ব্রাত্য।
আরও পড়ুন: ‘আমাকে না জানিয়েই …’ সংসদ সভাপতি থেকে অপসারিত হতেই বিস্ফোরক চিরঞ্জীব ভট্টাচার্য
প্রসঙ্গত, স্বপ্না বর্মণ তৃণমূলে যোগ দিয়ে বেশ আপ্লুত। তিনি সাংবাদিকদের বলেন, “আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এই দলে যোগদান করলাম। উনি বাংলাকে এমন উচ্চতায় পৌঁছেছেন সেটা অন্য রাজ্যে হয়নি। মানুষের জন্য কাজ করার এটা অনেক বড় প্ল্যাটফর্ম। তাই আমি তৃণমূলে যোগদান করলাম।” এদিকে কিছুদিন আগেই কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন, যা উত্তরবঙ্গের গেরুয়া শিবিরে বড় প্রভাব পড়েছে বলে অনেকের ধারণা।