শনিতেও বাংলায় দুর্যোগের ভ্রুকুটি! রয়েছে শিলাবৃষ্টির সতর্কতা, আগামীকালের আবহাওয়া

প্রীতি পোদ্দার, কলকাতা: চৈত্রের শুরু থেকেই রাজ্যে ঝড়বৃষ্টির দাপট শুরু হয়েছে। ভরা বসন্তে পূর্বাভাস মতোই গত রবিবার সন্ধ্যা থেকেই দমকা হাওয়ার সঙ্গে ভিজল তিলোত্তমা। কলকাতার পাশাপাশি শহরতলি ও দক্ষিণবঙ্গের (South Bengal) একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির খবর মিলেছে। তবে সব জায়গায় সমান বৃষ্টি হচ্ছে না। এই অবস্থায় আগামীকাল (Weather Tomorrow) ভারী বৃষ্টির সংকেত দিল আবহাওয়া দপ্তর। পাশাপাশি ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করা হয়েছে। সমুদ্র উত্তাল থাকার কারণে মৎস্যজীবীদের সাবধান বার্তা দেওয়া হয়েছে। এছাড়াও আগামী কয়েকদিন চাষিদের শিলাবৃষ্টি থেকে ফসল রক্ষার পরামর্শ দেওয়া হয়েছে।

আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী, একটি ঘূর্ণাবর্তের প্রভাবে বঙ্গোপসাগর থেকেই ক্রমেই জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। যার জেরে দুর্যোগপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে জেলায় জেলায়। পূর্বাভাস অনুযায়ী গত রবিবার থেকে দক্ষিণবঙ্গের কম বেশি জেলায় বৃষ্টি হচ্ছে। আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ থেকে রাজ্যের বিভিন্ন জেলায় ঝড়-বৃষ্টির প্রবণতা বাড়বে। শুক্রবার ও শনিবার বিশেষ করে কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে। বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। তবে এই বৃষ্টি দুর্যোগের ফলে দুই বঙ্গে অনেকটাই কমবে তাপমাত্রা, এমনই পূর্বাভাস। এক নজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ শনিবার, কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সকাল থেকেই মেঘলা আকাশ দেখা যাবে। মাঝে মাঝে রোদের দেখা মিললেও বেলা বাড়তেই ঝমঝমিয়ে নামবে বৃষ্টি। একাধিক জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে প্রতি ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬৩ থেকে ৯২ শতাংশের মধ্যে ঘোরাফেরা করবে। সোমবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে। এদিকে এই বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার জেরে আগামী কয়েকদিন তাপমাত্রা পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই।

আরও পড়ুন: বাংলায় ঈদের ছুটি ২ দিন! ব্যাংক-স্কুল কবে বন্ধ থাকবে? জেনে নিন বিস্তারিত

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে চলেছে। কোচবিহারে শিলাবৃষ্টি হওয়ার পাশাপাশি জলপাইগুড়ি জেলাতেও ভারী বৃষ্টি সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও দার্জিলিং, আলিপুরদুয়ারে ৭–২০ সেমি পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সঙ্গে শিলাবৃষ্টির আশঙ্কাও রয়েছে। তবে শুধু বৃষ্টি নয়, এর সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ প্রতি ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী কয়েকদিন দিনে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে জানানো হয়েছে।

Leave a Comment