বিক্রম ব্যানার্জী, কলকাতা: যা আশঙ্কা ছিল সেটাই হল। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রথম দু সপ্তাহ মহেন্দ্র সিং ধোনিকে পাচ্ছে না চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। খেলোয়াড়ের চোটের কারণে তাঁকে ছাড়াই IPL এ যাত্রা শুরু করতে হচ্ছে চেন্নাইকে। ইতিমধ্যেই সে কথা সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দিয়েছে CSK। কিন্তু ঠিক কোন কারণে IPL এর শুরুর দিনগুলিতে থাকতে পারছেন না মাহি? কী এমন হয়েছে ভারতীয় তারকার?
কেন IPL এর শুরুর ম্যাচ গুলিতে থাকবেন না ধোনি?
শনিবার সকাল সকাল চেন্নাই সুপার কিংসের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে ঘটা করে জানানো হয়েছে, মহেন্দ্র সিং ধোনি কাফ মাসেল চোটে ভুগছেন। চোট যন্ত্রনা ঠিক হয়ে গেলেও এখনই মাঠে ফেরার অবস্থায় নেই তিনি। জানা গিয়েছে, ভারতের এই অভিজ্ঞ ক্রিকেটার এই মুহূর্তে রিহ্যাব করছেন। সব ঠিক থাকলে, আগামী দুই সপ্তাহের মধ্যেই পুরোপুরি ফিট হয়ে মাঠে ফিরতে পারেন মাহি।
কিছু রিপোর্টে দাবি করা হচ্ছে, চোট যন্ত্রণা কাটিয়ে পুরোপুরি ফিট হয়ে উঠতে পারলে হয়তো আসন্ন দিল্লি ক্যাপিটালসের ম্যাচ থেকেই মাঠে দেখা যেতে পারে মাহিকে। খুব একটা সমস্যা না হলে কলকাতা নাইট রাইডার্স দলের বিরুদ্ধে আগামী 14 এপ্রিল খেলতে পারেন তিনি। এক কথায়, ভারতীয় ক্রিকেটারের চোট নিয়ে কোনও ভাবেই ঝুঁকি নিতে নারাজ চেন্নাই সুপার কিংস ম্যানেজমেন্ট। তাই পুরোপুরি সুস্থ করে তবেই তাঁকে মাঠে ফেরানো হবে।
অবশ্যই পড়ুন: ১১ প্রার্থীর ভোটে দাঁড়ানো নিয়ে আশঙ্কা, তড়িঘড়ি হাইকোর্টের দারস্থ তৃণমূল
ধোনি না থাকায় সমস্যায় পড়বে CSK?
ধোনির অনুপস্থিতির কথা প্রকাশে আসতেই অনেকেই বলছেন মাহি না থাকলে যথেষ্ট সমস্যায় পড়বে চেন্নাই সুপার কিংস। যদিও বাস্তবিক দিক থেকে দেখতে গেলে, প্রাক্তন ভারতীয় অধিনায়কের বিকল্প হিসেবে ইতিমধ্যেই সঞ্জু স্যামসনকে দলে নিয়ে নিয়েছে চেন্নাই সুপার কিংস। তাছাড়াও অধিনায়কের ভূমিকা পালন করছেন রুতুরাজ গাইকোয়াড়। সব মিলিয়ে, উইকেট রক্ষক ব্যাটসম্যান এবং অধিনায়ক দুই ক্ষেত্রেই শূন্যস্থান ভরাট রয়েছে চেন্নাইয়ের। কাজেই প্রথম দুই সপ্তাহ মাহি না থাকলেও খুব একটা সমস্যা হওয়ার কথা নয় CSK এর। তবে পরবর্তীতে যদি ভারতীয় ক্রিকেটারের জন্য অপেক্ষা বাড়ে সেক্ষেত্রে কিছুটা হলেও সমস্যা হতে পারে।