গ্যাসের সংকটে ৫ লক্ষ ইন্ডাকশন দেবে কেন্দ্র সরকার

সৌভিক মুখার্জী, কলকাতা: বিশ্ববাজারে দিনের পর দিন জ্বালানি সংকট এবং এলপিজি নিয়ে উদ্বেগ বেড়েই চলেছে। তবে তার মধ্যেই সাধারণ মানুষের জন্য বিরাট স্বস্তির খবর দিয়েছে কেন্দ্র সরকার। হ্যাঁ, রান্নার গ্যাসের উপর নির্ভরতা কমাতে এবং সাশ্রয়ী বিকল্প পৌঁছে দেওয়ার জন্য দেশজুড়ে ৫ লক্ষ উন্নত মানের ইন্ডাকশন কুকস্টোভ (Induction Cooktop) আনতে চলেছে রাষ্ট্রায়ত্ত সংস্থা এনার্জি সার্ভিস লিমিটেড (Energy Efficiency Service Limited)। ফলে মধ্যবিত্তদের হেঁসেলের টান যে দূর হবে তা বলার অপেক্ষা রাখে না।

কেন নেওয়া হল এই উদ্যোগ?

আসলে ইরান, ইজরায়েল এবং আমেরিকার মধ্যে চলমান সংঘাতের জেরে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে তেওরান। যার ফলে গোটা বিশ্বজুড়ে এলপিজি সরবরাহে টান পড়ার আশঙ্কা তৈরি হচ্ছে। এমনকি জাহাজগুলি ওই প্রণালী পেরিয়ে আসতে পারছে না। যদিও সরকার আশ্বস্ত করেছে যে, দেশে পর্যাপ্ত পরিমাণে গ্যাসের মজুদ রয়েছে। কিন্তু ভবিষ্যতের কথা মাথায় রেখে গো ইলেক্ট্রিক প্রচারের আওতায় এই বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেই খবর।

কেন্দ্রীয় সরকার সূত্রে খবর, ইইএসএল খুব শীঘ্রই ৫ লক্ষ ইন্ডাকশন কুকস্টোভ কেনার জন্য নতুন টেন্ডার ডাকতে চলেছে। ধাপে ধাপে এক লক্ষ ইন্ডাকশন অর্ডার দেওয়া হয়েছে। যেগুলো বিভিন্ন রাজ্যের সরকারি সংস্থাগুলিতে পাঠানো হবে। এমনকি শুধুমাত্র ইন্ডাকশন নয়, বরং এর উপযোগী বিশেষ বাসনপত্র কেনার প্রক্রিয়া শুরু করছে সরকার। আর যেমনটা জানা যাচ্ছে, সরকারের ই-কমার্স প্ল্যাটফর্ম EESLmart.in থেকে সাধারণ মানুষ এই ইন্ডাকশনগুলি কিনতে পারবে।

আরও পড়ুন: সরকার পরিবর্তনেই গলল বরফ! ঠিক হওয়ার পথে ভারত-বাংলাদেশের সম্পর্ক

রয়েছে অত্যাধুনিক ফিচার এবং নিরাপত্তা

উল্লেখ্য, নতুন ১২০০ ওয়াটের ইন্ডাকশন কুকস্টোভগুলিতে থাকছে একাধিক আধুনিক সুবিধা। প্রথমত, এটি কতটুকু বিদ্যুৎ খরচ হচ্ছে তা সরাসরি দেখা যাবে। দ্বিতীয়ত, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিশেষ লকিং সিস্টেম থাকছে। তৃতীয়ত, রান্নার সুবিধার্থে অটোমেটিক তাপমাত্রা নিয়ন্ত্রণের ব্যবস্থা থাকবে। আর বিশেষজ্ঞদের মতে, রান্নার গ্যাসের তুলনায় যদি ইন্ডাকশনে রান্না করা হয়, তাহলে সাধারণ মানুষের আনুমানিক ৩০ শতাংশ পর্যন্ত সাশ্রয় হয়। আর এটি পরিবেশবান্ধব এবং কার্বন নিঃসরণ হয় না। এখন শুধু এগুলি বাজারে আসার অপেক্ষা।

Leave a Comment