গরমের ছুটিতে উত্তরবঙ্গ যাওয়া আরও সহজ, কলকাতা থেকে চলবে স্পেশাল ট্রেন

সৌভিক মুখার্জী, কলকাতা: গরমের ছুটি মানেই বাঙালির মন পাহাড় এবং সমুদ্র। সেই কথা মাথায় রেখে এবার ভারতীয় রেল নতুন ট্রেনের ঘোষণা করল (Kolkata New Jalpaiguri Special Train)। আসলে গ্রীষ্মকাল মানেই উত্তরবঙ্গ যাওয়ার টিকিটে হাহাকার। পর্যটকদের বিপুল চাহিদার কথা মাথায় রেখে এবার বিরাট সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। জানা যাচ্ছে, কলকাতা থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত বিশেষ সামার স্পেশাল ট্রেন চালানোর ঘোষণা করা হয়েছে রেলের তরফে (Indian Railways)। যার ফলে যারা দার্জিলিং সফরের পরিকল্পনা করছেন তাদের জন্য যাতায়াত আরও সহজ হবে।

ট্রেনের সময়সূচি এবং দিনক্ষণ

পূর্ব রেলের পক্ষ থেকে যেমনটা জানানো হয়েছে, এই বিশেষ ট্রেনটি মে থেকে জুন মাস পর্যন্ত মোট পাঁচবার ট্রিপ দেবে। কলকাতা থেকে নিউ জলপাইগুড়ি ট্রেনটির নম্বর হবে ০৩১২৯। এটি আগামী ১৬ মে থেকে ১৩ জুন পর্যন্ত প্রতি শনিবার চলবে। আর কলকাতা স্টেশন থেকে রাত ১১:৪০ মিনিটে ছেড়ে পরের দিন সকাল ১০:৪৫ মিনিটে নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছবে ট্রেনটি। অন্যদিকে ফিরতি ট্রেন অর্থাৎ নিউ জলপাইগুড়ি – কলকাতা স্পেশাল ট্রেনটির নম্বর হবে ০৩১৩৯। এটি আগামী ১৭ মে থেকে ১৪ জুন পর্যন্ত প্রতি রবিবার চলবে। নিউ জলপাইগুড়ি থেকে দুপুর ১২:৪৫ মিনিটে ছেড়ে পরের দিন রাত ১২:৪০ মিনিটে কলকাতা স্টেশনে পৌঁছাবে এই ট্রেন।

আরও পড়ুন: এপ্রিলে ১৪ দিন ব্যাঙ্ক বন্ধ, দেখুন RBI-র ছুটির তালিকা

কোন কোন স্টেশনে থামবে?

যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে ট্রেনটির স্টপেজ দেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ স্টেশনগুলোতে। যেমনটা জানানো হয়েছে, উত্তরবঙ্গে যাওয়ার পথে কলকাতা স্টেশন থেকে ছেড়ে ট্রেনটি নৈহাটি, ব্যান্ডেল, নবদ্বীপ ধাম, কাটোয়া, আজিমগঞ্জ, জঙ্গিপুর রোড এবং মালদা টাউনে স্টপেজ দেবে। এমনকি সমস্ত ধরনের যাত্রীদের জন্যই বিশেষ কোচের ব্যবস্থা থাকবে এতে। সাধারণ দ্বিতীয় শ্রেণী থেকে শুরু করে স্লিপার কোচ এবং এসি কোচ থাকবে বলে খবর।

Leave a Comment