এপ্রিলের শুরুতেই ধাক্কা! ১২ টাকা বাড়ল অটোর গ্যাসের দাম

প্রীতি পোদ্দার, কলকাতা: পশ্চিম এশিয়ার যুদ্ধ (Iran Israel War) পরিস্থিতির প্রভাব যেন ক্রমেই ভয়ংকর হয়ে উঠেছে। এখনও বেশ কয়েক জায়গায় জ্বালানি সংকট দেখা দিচ্ছে। গ্যাসের আকালও রয়েছে, আর এই অবস্থায় ফের বাণিজ্যিক গ্যাসের পর দাম বাড়ল অটোর এলপিজির (Auto Gas Price Hike)। এক ধাক্কায় ১২ টাকা ২৮ পয়সা দাম বেড়েছে অটোর গ্যাসের। মাথায় হাত পড়ল চালকদের (Auto Drivers)। তবে কি এবার ভাড়া বাড়ানোর পথে হাঁটতে চলেছেন তাঁরা?

বাড়লো অটো গ্যাসের দাম

এলপিজি সিলিন্ডারের দাম বৃদ্ধির পর এবার দেশজুড়ে মধ্যবিত্তদের পকেটে টান পড়েছে। তার উপর মার্চ মাসে তিনবার অটোর গ্যাসের দাম বৃদ্ধির পর এপ্রিলের প্রথম দিনেই ফের এক ধাক্কায় ১২ টাকা ২৮ পয়সা দাম বাড়ল। অর্থাৎ মঙ্গলবার পর্যন্ত কলকাতায় এক লিটার অটো-র LPG গ্যাসের দাম ছিল ৭০ টাকা। কিন্তু রাত পেরোতেই বুধবার সকালে এখন এক লিটার গ্যাসের দাম হয়ে দাঁড়িয়েছে ৮০ টাকা ৯৬ পয়সা। এমতাবস্থায় যদি চালকেরা ভাড়া না বাড়ায় তাহলে পরিষেবা বন্ধ রাখতে হবে বলেই মনে করছেন সকলে। যার ফলে সমস্যায় পড়বে নিত্যযাত্রীরাও।

দাম বৃদ্ধি পাওয়ায় মাথায় হাত চালকদের

ফেব্রুয়ারি মাসে ইরান ইজরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই বিশ্বজুড়ে জ্বালানি সংকটের প্রভাব পড়েছে ভারতেও। রান্নার গ্যাস থেকে শুরু করে বিভিন্ন জ্বালানির জোগানে ঘাটতি দেখা গেছে। প্রায় কমবেশি সব খাবারের দোকানে মোমো থেকে রুটি সবকিছুতেই দাম বাড়িয়েছেন বিক্রেতারা। শুধু তাই নয় যানবাহন পরিষেবাতেও সমস্যা বাড়তে চলেছে। অটোচালকরা জানাচ্ছেন, গত ১১ মার্চ অটোর গ্যাসের দাম ৫ টাকা বাড়ানো হয়েছিল তখন ৫৭ টাকা ৬৮ পয়সা থেকে বেড়ে ৬২ টাকা ৬৮ পয়সা হয়েছিল। এরপর ৩১ মার্চ পর্যন্ত তা ছিল ৭০ টাকা। এখন রাতারাতি এক ধাক্কায় কীভাবে এত টাকা দাম বাড়ানো হল তার কোনও কুলকিনারা পাচ্ছেন না চালকরা।

আরও পড়ুন: সোনা, রুপোর দাম নিয়ে মধ্যবিত্তদের বড় ঝটকা! আজকের রেট

বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম

শুধু অটো গ্যাসের দামি বাড়ছে না তার সঙ্গে গ্যাসের সংকটও দেখা গিয়েছে। সকাল থেকে অনেকেই ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকার পর দাম বাড়ার খবর শুনে আরও বিপাকে পড়েছেন চালকরা। তাঁদের কথায়, এইভাবে দাম বাড়তে থাকলে পরিবার নিয়ে রাস্তায় বসতে হবে। তাই ভাড়া বাড়াতেই হবে। আর এতে যাত্রী কমে যাওয়ার আশঙ্কাও করছেন তাঁরা। অন্যদিকে আজ অর্থাৎ ১ এপ্রিল ২০২৬ থেকে ১৯ কেজি ওজনের বাণিজ্যিক সিলিন্ডারের দাম এক লাফে ২১৮ টাকা বাড়ানো হয়েছে। অর্থাৎ এইমুহুর্তে কলকাতায় একটি বাণিজ্যিক সিলিন্ডারের নতুন দাম দাঁড়িয়েছে ২২০৮ টাকা।

Leave a Comment