পেনশনের সমীকরণ বদলাবে EPFO? জানিয়ে দিল সরকার

সহেলি মিত্র, কলকাতাঃ সত্যিই কি আগামী দিনে পেনশনের (EPFO Pension) সমীকরণ বদলাবে? কী ভাবছে EPFO? জবাব দিল কেন্দ্রীয় সরকার। এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের পেনশন স্কিম, যা এমপ্লয়িজ পেনশন স্কিম বা EPS-95 নামে পরিচিত। এটি দীর্ঘদিন ধরে পেনশনভোগীদের মধ্যে আলোচনার বিষয় হয়ে আছে। অনেকেই মনে করেন যে, পেনশন প্রকৃত মূল বেতনের ভিত্তিতে গণনা করা উচিত, বিশেষ করে খুব উচ্চ বেতনভোগী কর্মচারীদের ক্ষেত্রে। তবে এ বিষয়ে এবার নীরবতা ভঙ্গ করল সরকার।

EPFO-তে বদলাবে পেনশনের সমীকরণ?

সরকার সংসদে স্পষ্ট করে দিয়েছে যে, বর্তমানে ইপিএস-৯৫ পেনশন প্রকৃত বেতনের ভিত্তিতে করার কোনো প্রস্তাব নেই। কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ডঃ মনসুখ মান্ডব্য সরকারের পক্ষ থেকে লোকসভায় জানান যে, ইপিএস-৯৫ হলো একটি অবদান-সুবিধাভিত্তিক সামাজিক সুরক্ষা প্রকল্প। এই প্রকল্পের অধীনে, পেনশন নির্ধারণের জন্য পেনশন তহবিলে নিয়োগকর্তার ৮.৩৩% এবং কেন্দ্রীয় সরকারের ১.১৬% অবদান থাকে, কিন্তু এই অবদান শুধুমাত্র প্রতি মাসে ১৫,০০০ টাকা পর্যন্ত মজুরির সর্বোচ্চ সীমায় প্রযোজ্য। সুতরাং, প্রকৃত উচ্চ মজুরির সঙ্গে পেনশনের হিসাবকে যুক্ত করার কোনো তাৎক্ষণিক প্রস্তাব নেই।

হিসেব বুঝুন

সরকার জানিয়েছে, পেনশন গণনার ক্ষেত্রে ‘পেনশনযোগ্য চাকরি’ এবং ‘পেনশনযোগ্য বেতন’ পরিভাষাগুলো ব্যবহৃত হয়। সেক্ষেত্রে একটি হিসেব আগে বুঝতে হবে। সেটা হল…

  • মাসিক পেনশন = (পেনশনযোগ্য চাকরিকাল × পেনশনযোগ্য বেতন) ÷ ৭০
  • এটি স্কিমের নিয়ম অনুযায়ী নির্ধারিত সীমা পর্যন্ত পেনশন গণনায় বেতন বিবেচনা করে।

সরকার আরও জানিয়েছে যে, কিছু ক্ষেত্রে কিছু কর্মচারীর পুরোনো নিয়ম অনুযায়ী বেশি বেতনের ওপর অবদান দেওয়ার সুযোগ রয়েছে, কিন্তু এই সুবিধাটি কেবল সেইসব কর্মচারীরাই পাবেন যাঁরা ১ সেপ্টেম্বর, ২০১৪-এর আগে সেই অপশনটি বেছে নিয়েছিলেন। এর পরে যোগদানকারী নতুন সদস্যদের ক্ষেত্রে ১৫,০০০ টাকার সীমা প্রযোজ্য হবে।

আরও পড়ুনঃ বন্দে ভারতের খাবার খেয়ে ঠোঁট ফুলে ঢোল মহিলার! বিতর্ক উঠতেই প্রতিক্রিয়া IRCTC-র

কর্মচারী ইউনিয়ন ও পেনশনভোগী গোষ্ঠীগুলো বছরের পর বছর ধরে পেনশনকে প্রকৃত বেতনের সঙ্গে সংযুক্ত করার দাবি করে আসছে, যাতে তা আরও ন্যায্য ও পর্যাপ্ত হয়। তাদের যুক্তি হলো, বর্তমানে বেতনসীমার কারণে উচ্চ বেতনভোগী কর্মচারীরাও সীমিত পেনশন পান, যার ফলে তাদের অবসরকালীন আয় বাস্তব জীবনের খরচের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ থাকে না। এখন মাত্র ১০০০ টাকা পেনশন পান সকলে। এই টাকার পরিমাণ বাড়িয়ে ৭৫০০ টাকা করার দাবি দীর্ঘদিনের।

Leave a Comment