প্রীতি পোদ্দার, কলকাতা: ২৬ এর বিধানসভা নির্বাচন (West Bengal Election 2026) নিয়ে ধুন্ধুমার পরিস্থিতি রাজ্য রাজনীতিতে। ভোটের প্রচারে মুখিয়ে উঠেছে শাসক দল থেকে শুরু করে বিরোধীরা। কোথাও কোনো রকম ফাঁক রাখছে না কেউই। আর এই অবস্থায় ফের বিতর্কিত মন্তব্য করে বসলেন চুঁচুড়ার (Chinsurah) বিদায়ী বিধায়ক অসিত মজুমদার (Asit Mazumdar)। নির্বাচনী প্রচারে প্রিসাইডিং অফিসারদের নিয়ে বক্তব্য পেশ করায় নতুন করে বিতর্ক বাঁধল রাজ্য রাজনীতিতে।
চুঁচুড়ায় দেবাংশুকে সংবর্ধনা শিক্ষক সংগঠনের
রিপোর্ট মোতাবেক, গতকাল অর্থাৎ শুক্রবার চুঁচুড়ার তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যকে সঙ্গে নিয়ে প্রচারে নেমেছিলেন বিদায়ী বিধায়ক অসিত মজুমদার। সেখানকার সুগন্ধার অমরপুরে দেবাংশু ভট্টাচার্যকে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছিল। মঞ্চে প্রাথমিক শিক্ষক সংগঠনের প্রতিনিধিদের ডেকে নেওয়ার সময় মাইক হাতে নিয়ে অসিত বলেন, “EVM-এ দেবাংশুর যে বোতাম হবে, সেই বোতাম যেন টিপতে টিপতে নিচু হয়ে যায়।” আর সেই কথা শুনে হেসে ওঠেন সভায় উপস্থিত তৃণমূল কর্মী সমর্থকরা।
বিতর্কিত মন্তব্য অসিত মজুমদারের
শুক্রবার তৃণমূলের প্রাথমিক শিক্ষক সংগঠনের প্রতিনিধিরা যখন প্রার্থী দেবাংশু ভট্টাচার্যকে ফুলের তোড়া দিচ্ছিলেন সেই সময় তাঁদেরকে উদ্দেশ্য করে অসিত মজুমদার এক বিতর্কিত মন্তব্য করেন। তিনি বলেন, “প্রাথমিক শিক্ষক সংগঠন দেবাংশুকে ভালোবাসা উজাড় করে দিচ্ছে। মনে রাখবেন এরাই কিন্তু প্রিসাইডিং অফিসার হবে। তখন যেন তাঁরা আমাদের পাশে থাকে।” এরপরই সেই মন্তব্য নিয়ে একাধিক সমালোচনা শুরু হয়ে যায়। একজন প্রিসাইডিং অফিসার কী করে কোনও দলের পাশে থাকবে, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। পাশাপাশি এই বক্তব্য আদর্শ আচরণবিধি লঙ্ঘন করেছে কি না, তা নিয়ে ওঠে কথা।
আদর্শ আচরণবিধি নিয়ে উঠছে প্রশ্ন
সম্প্রতি মালদা কাণ্ডের জেরে নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছিল যে, পশ্চিমবঙ্গে স্বচ্ছ ভাবে ভোট করাতে হবে। ভোটারেরা যাতে ভোট দিতে যেতে ভয় না-পান, তা দেখতে হবে। ছাপ্পা ভোট, বুথ জ্যামিংয়ের মতো ঘটনা রুখতে হবে। পাশাপাশি ভোটের সময়ে হিংসামুক্ত পরিবেশ তৈরি করতে হবে। আর এই বিষয়গুলি নিশ্চিত করার জন্য মুখ্যসচিব দুষ্মন্ত নারিওয়ালা, ডিজি সিদ্ধনাথ গুপ্ত, কলকাতা পুলিশের কমিশনার অজয় নন্দ-সহ এডিজি, আইজি, জেলাশাসক, পুলিশ সুপারদের নির্দেশ দিয়েছে কমিশন। এমতাবস্থায় অসিত মজুমদারের এই মন্তব্য রাজনৈতিক শিবিরে শোরগোল তৈরি করে।
আরও পড়ুন: নাম বাদ পড়েছে? জেনে নিন ট্রাইবুনালে আবেদনের অনলাইন ও অফলাইন প্রসেস
তৃণমূলকে কটাক্ষ করে চুঁচুড়ার বিজেপি প্রার্থী সুবীর নাগ জানিয়েছেন, “কোনও প্রিসাইডিং অফিসার এমন কিছু করে দিক, বোতামটা টিপতে টিপতে নিচু হয়ে যাক। আর সব ভোট ওদিকে চলে যাক। এরকম আজব কল্পনা যদি কারও মাথায় আসে, তা হলে তা শুধু এদের মাথাতেই আসে। এরাও জানে কী হবে। ভোটগ্রহণের ক্ষেত্রে প্রিসাইডিং অফিসারদের ভূমিকা গুরুত্বপূর্ণ। আর এইসব আজগুবি কথা বলে লোকের মন ভোলানোর চেষ্টা করছে।” যদিও তৃণমূলের তরফে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।