ভোটে লড়তে পারবেন না রাজন্যা হালদার? নমিনেশন জমা দিতে গিয়েই খেলেন ধাক্কা

প্রীতি পোদ্দার, কলকাতা: বিধানসভা নির্বাচন (West Bengal Election 2026) নিয়ে রীতিমত হুলুস্থুল কাণ্ড রাজ্য রাজনীতিতে। বৃষ্টি রোদ উপেক্ষা করে জনগণের দ্বারে দ্বারে ভোট প্রচারের জন্য পৌঁছে যাচ্ছে শাসকদল থেকে শুরু করে বিরোধীরা। এদিকে ক্রমেই এগিয়ে আসছে প্রার্থীদের মনোনয়ন পত্র জমা দেওয়ার দিন। ইতিমধ্যেই শুভেন্দু অধিকারী, পবিত্র কর সহ একাধিক প্রার্থী জন্য দিয়েছেন। কিন্তু গতকাল, শুক্রবার বারুইপুর মহকুমা শাসকের দপ্তরে মনোনয়ন পত্র (Nomination) জমা দিতে গিয়েও শেষ পর্যন্ত তা করতে পারলেন না নির্দল প্রার্থী রাজন্যা হালদার (Rajanya Haldar)।

মনোনয়নপত্র জমা দিতে পারলেন না রাজন্যা হালদার

রিপোর্ট মোতাবেক, গতকাল অর্থাৎ শুক্রবার সমস্ত প্রস্তুতি নিয়ে নির্দল প্রার্থী রাজন্যা হালদার বারুইপুর মহকুমা শাসকের দফতরে মনোনয়ন পত্র জমা দিতে যায় কিন্তু নথিপত্র যাচাইয়ের সময় তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিছু অসংগতি ধরা পড়ে। যার ফলে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন না করেই মনোনয়ন জমা না দিয়েই তাঁকে দফতর ছাড়তে হয়। আসলে মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় নির্বাচনী বিধি অনুযায়ী, প্রত্যেক প্রার্থীকে নমিনেশনের সঙ্গে নির্দিষ্ট নিয়ম মেনে ব্যাঙ্ক অ্যাকাউন্টের নথিপত্র জমা দিতে হয়। এতদিন ধরে তাই হয়ে আসছে। কিন্তু রাজন্যার এহেন অসঙ্গতিতে মাথায় হাত পড়ে। যদিও পাশে দাঁড়িয়েছে প্রশাসন।

কী বলছেন রাজন্যা?

রাজন্যা হালদার জানান, “ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত কাগজপত্রের জটিলতার কারণে আজ নমিনেশন জমা দিতে পারিনি। সঙ্গে কিছু প্রযুক্তিগত সমস্যা ছিল। তবে দফতরের আধিকারিকেরা যথেষ্ট সাহায্য করেছেন এবং সমস্যা মেটানোর পথও দেখিয়েছেন।” কিন্তু এই ত্রুটি সংশোধন করে পুনরায় মনোনয়ন জমা দেওয়ার সুযোগ তাঁর কাছে রয়েছে কি না, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। অন্যদিকে পুরুলিয়ার মানবাজারের সিপিআইএম প্রার্থী সোনামনি টুডুকে শর্তসাপেক্ষে মনোনয়ন পত্র জমা দেওয়ার অনুমতি দিল কলকাতা হাই কোর্ট। তবে শর্ত দেওয়া হয়েছে এক্ষেত্রে রিটার্নিং অফিসার প্রার্থীর ST শংসাপত্রের নথি রয়েছে কিনা তা বিবেচনা করে তবেই মনোনয়নের বৈধতা দেবে।

আরও পড়ুন: রাজ্যে ৪৬৬০ নতুন বুথ, ৩২১টি ভোটকেন্দ্র সরানোর অনুমোদন কমিশনের

জানা গিয়েছে, পুরুলিয়ার মানবাজারের সিপিআইএম প্রার্থী সোনামনি টুডুর এসটি (ST) সার্টিফিকেট ঝাড়খণ্ড থেকে পাওয়া। বিয়ের পর আসেন পুরুলিয়া বান্দোয়ানে আসলেও পশ্চিমবঙ্গ থেকে এসটি সার্টিফিকেট নেই তার। ফলে মনোনয়নে সমস্যার জন্য গত ১ এপ্রিল রাজ্যের কাছে আবেদন করে প্রয়োজনীয় সার্টিফিকেট পেতে। কিন্তু সার্টিফিকেট পেতে দেরি হলে ৬ এপ্রিলের মধ্যে তিনি মনোনয়ন জমা করতে পারবেন না। সেই কারণে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। আর তাতেই বড় রায় দিল হাইকোর্ট।

Leave a Comment