বিক্রম ব্যানার্জী, কলকাতা: বঙ্গে SIR নিয়ে গঙ্গা দিয়ে জল কম গড়ায়নি। একেবারে প্রথম থেকেই ভোটার তালিকার নিবিড় পর্যবেক্ষণ প্রক্রিয়ার বিরোধিতা করে এসেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শাসক দলের তরফে আজও SIR নিয়ে সুর চড়াচ্ছেন অনেকেই। আর সেই আবহেই SIR ট্রাইবুন্যালের (SIR Tribunal) প্রথম নিষ্পত্তি হল। নথি যাচাইয়ের পর সমস্ত সমস্যা কাটিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে ভোটার তালিকায় নাম ওঠার অপেক্ষা ফারাক্কার কংগ্রেস প্রার্থী মাহাতাব হোসেনের।
ভোটার তালিকায় নাম উঠছে কংগ্রেস প্রার্থীর
সুপ্রিম কোর্টের তরফে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল, ভোটের আগের দিন পর্যন্তও যদি কারোও নাম ভোটার তালিকায় ওঠে তিনিও নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। সুপ্রিম নির্দেশ মেনে রবিবার ট্রাইব্যুনাল ফারাক্কার কংগ্রেস প্রার্থী মাহাতাব হোসেনের যাবতীয় নথিপত্র যাচাই করার পর একেবারে খোলাখুলি জানিয়ে দিয়েছে, এই ব্যক্তির কোনও রকম লজিক্যাল ডিস্ক্রিপেন্সি বা অসংগতি ধরা পড়েনি।।
জানা গিয়েছিল, কংগ্রেস প্রার্থীর আধার কার্ড থেকে শুরু করে পাসপোর্ট সহ সমস্ত ধরনের গুরুত্বপূর্ণ নথি থাকা সত্ত্বেও ভোটার তালিকা থেকে বাদ পড়েছিল নাম। আর তার পরপরই নিয়ম মেনে ট্রাইব্যুনাল সমস্ত নথিপত্র যাচাই করার পর জানিয়ে দিয়েছে, যত দ্রুত সম্ভব মাহাতাব হোসেনের নাম ভোটার তালিকায় তুলতে হবে।
অবশ্যই পড়ুন: ম্যাচ জেতানোর ক্ষমতা রাখেন, সেই প্লেয়ারকেই খেলাচ্ছে না KKR
বলাই বাহুল্য, ভারতীয় নির্বাচন কমিশনের তরফে প্রকাশিত বঙ্গের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্টা অনুযায়ী, প্রথম দফায় ভোট হবে ফারাক্কায়। অর্থাৎ 23 এপ্রিল ভোট রয়েছে সেখানে। তার আগে আগামীকাল অর্থাৎ 6 এপ্রিল মনোনয়নপত্র জমা দেওয়ার কথা ছিল হাত-শিবিরের এই নেতার। ঠিক তার আগেই মিটে গেল সমস্ত সমস্যা। সব ঠিক থাকলে, শীঘ্রই ভোটার তালিকায় নাম উঠে যাবে মাহাতাবের। একই সাথে আগামীকাল মনোনয়নপত্র জমা দিতে পারবেন তিনি।