রাজধানী এক্সপ্রেসে দেওয়া ডালে কিলবিল করছে পোকা, অভিযোগ পেয়েই যা করল IRCTC

সৌভিক মুখার্জী, কলকাতা: বন্দে ভারত বা রাজধানী, ভারতের প্রিমিয়াম ট্রেনগুলোতে (Indian Railways) খাবারের গুণমান নিয়ে দিনের পর দিন প্রশ্ন উঠছে। আর এবার রাজধানী এক্সপ্রেসের (Rajdhani Express) ডালের মধ্যে জ্যান্ত পোকা কিলবিল করতে দেখে রীতিমতো চক্ষু চড়ক গাছে উঠেছে এক যাত্রীর। ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নড়েচড়ে বসল রেল কর্তৃপক্ষ। অভিযুক্ত ভেন্ডারের বিরুদ্ধে ইতিমধ্যেই মোটা অংকের টাকা জরিমানা ঘোষণা করেছে আইআরসিটিসি।

ঠিক কী ঘটেছিল?

আসলে গত ১১ এপ্রিল ২০৫০৭ রঙ্গিয়া-আনন্দ বিহার টার্মিনাল রাজধানী এক্সপ্রেসের বি-৭ নম্বর কোচের ৫৮ নম্বর বার্থের যাত্রী দীপক রাতের খাবার অর্ডার করেছিলেন। তাঁর খাবারে ছিল ডাল। কিন্তু ডালের বাটি সামনে আসতে তিনি দেখেন যে ভেতরে ছোট ছোট পোকা কিলবিল করছে। এমতাবস্থায় দেরি না করে দীপক ভিডিও তুলে রাখেন এবং পরদিন সকালে এক্স হ্যান্ডেলে পিএনআর নম্বর এবং বিস্তারিত তথ্যসহ রেল মন্ত্রণালয় ও আইআরসিটিসি-কে ট্যাগ করে অভিযোগ জানান।

সোশ্যাল মিডিয়ার ভিডিওটি শেয়ার হতেই সমালোচনার ঝড় উঠে। এমনকি রেলের পরিষেবার মান নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি অনেক নেটিজেন বিদ্রুপ করে মন্তব্য করেন যে, এটাই কি তাহলে রেলের পক্ষ থেকে দেওয়া এক্সট্রা প্রোটিন? অনেকে আবার প্রিমিয়াম ট্রেনের চড়া দামের টিকিটের বিনিময়ে এরকম অস্বাস্থ্যকর খাবার পরিবেশন নিয়ে ক্ষোভ উগরে দেন।

আইআরসিটিসি-র অ্যাকশন

তবে অভিযোগ পাওয়ার মাত্রই দু’ঘণ্টার মধ্যেই পাল্টা জবাব দিয়েছে আইআরসিটিসি। তাদের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, সংশ্লিষ্ট সার্ভিস প্রোভাইডার বা ভেন্ডারের উপর মোটা অংকের টাকা জরিমানা করা হয়েছে। এমনকি যে কিচেন থেকে এই খাবারগুলি এসেছিল, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং পেস্ট কন্ট্রোল পরীক্ষার জন্য সেটাকে আপাতত সিল করে দেওয়া হয়েছে। পাশাপাশি অন-বোর্ড সার্ভিস টিম দ্রুত যাত্রীর সঙ্গে যোগাযোগ করে তাঁর সমস্যা সমাধান করেছে, আর ভবিষ্যতে এরকম ঘটনা যাতে না ঘটে তার কড়া নির্দেশও দেওয়া হয়েছে।

আরও পড়ুন: “তৃণমূল আমলের দাঙ্গায় হিন্দুরাই আক্রান্ত” গুণে গুণে হিসেব দিলেন অমিত শাহ

প্রসঙ্গত, রেল কর্তৃপক্ষ বারবার খাবারের মান উন্নয়নের প্রতিশ্রুতি দিলেও বাস্তবে সেই চিত্রটা যেন কিছুটা উল্টো। এই ঘটনা তারই জলজ্যান্ত প্রমাণ। গত কয়েক মাসে বন্দে ভারত এক্সপ্রেস থেকে শুরু করে বিভিন্ন ট্রেনে খাবারে পোকা পাওয়ার একাধিক অভিযোগ সামনে এসেছিল। আর সেই সময়ও রেল বিভাগ সংশ্লিষ্ট ভেন্ডারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছিল।

Leave a Comment