বিক্রম ব্যানার্জী, কলকাতা: মেসি কাণ্ডে গ্রেফতারির মুখে রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস (Aroop Biswas)! গত বছর, সল্টলেক স্টেডিয়ামে বিশৃঙ্খলার ঘটনায় আঙুল উঠেছিল এই তৃণমূল নেতার দিকেই। মেসিকে ভারতে নিয়ে আসার নেপথ্যে মূল কারিগর তথা বাঙালি ক্রীড়া সংগঠক শতদ্রু দত্ত বারবার অভিযোগ করেছেন, প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের কারণেই ভেস্তে গিয়েছিল মেসির কলকাতার ইভেন্ট! সেই মর্মেই বিধাননগর দক্ষিণ থানায় অরূপ বিশ্বাস সহ তাঁর ঘনিষ্ঠদের বিরুদ্ধে FIR দায়ের করেন শতদ্রু। সেই অভিযোগের ভিত্তিতেই প্রাক্তন মন্ত্রীকে নোটিস দিয়ে তলব করেছিল পুলিশ। তবে প্রথমবার হাজিরা এড়ালেও এবার দ্বিতীয়বারের মতো অরূপকে নোটিস দিলেন পুলিশ আধিকারিকরা।
হাজিরা এড়ালেই গ্রেফতার?
রাজ্যে পালাবদল হওয়ার পরই যুবভারতীর বিশৃঙ্খলা নিয়ে একাধিক বিস্ফোরক অভিযোগ করেছিলেন ক্রীড়া সংগঠক শতদ্রু দত্ত। নিজের ফেসবুক হ্যান্ডেল থেকে রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তোলেন তিনি। শতদ্রু জানান, তাঁর কাছ থেকে অতিরিক্ত টিকিট চাওয়া হয়েছিল। না দেওয়া হলে ইভেন্ট বন্ধ করে দেওয়া হবে বলেও হুমকি দেওয়া হয়। শুধু তাই নয়, মেসির ইভেন্টে বিশৃঙ্খলার জন্যও অরূপ বিশ্বাসকে দায়ী করেছিলেন শতদ্রু। এছাড়াও 22 হাজার টিকিট কালোবাজারি করা হয়েছে বলেও অভিযোগ তোলেন তিনি।
বাঙালি ক্রীড়া সংগঠকের কথায়, যাঁকে পেরেছেন তাকেই মাঠে ঢুকিয়েছেন অরূপ! অরূপ বিশ্বাসের আত্মীয়-স্বজনদের ভিড়ে সাধারণ মানুষ মেসিকে দেখতে পাননি! তিনি বারবার বলা সত্ত্বেও কাজ হয়নি। একই সাথে কলকাতা পুলিশের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছিলেন শতদ্রু। সেই সাথে তিনি পণ করেছিলেন এই ঘটনার শেষ দেখে ছাড়বেন! সেই মতোই সম্প্রতি বিধাননগর দক্ষিণ থানায় অরূপ বিশ্বাস এবং তাঁর ঘনিষ্ঠদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন শতদ্রু।
2nd notice issued to former Sports Minister #ArupBiswas by #BidhannagarPolice in the #MessiMess probe. He has been requested to appear on June 8 before the investigation officer.
— Sreyashi Dey (@SreyashiDey) June 7, 2026
অবশ্যই পড়ুন: বহরমপুরের সাংসদ পদ ছাড়তে বলেছেন মমতা? অবশেষে জানিয়ে দিলেন ইউসুফ পাঠান
পুলিশ সূত্রে খবর, শতদ্রু দত্তের অভিযোগের ভিত্তিতে অরূপ বিশ্বাসকে নোটিস পাঠানো হয়। তবে প্রকার অজুহাত দেখিয়ে সেই সমন এড়িয়ে গিয়েছিলেন অরূপ। আর সেই ঘটনার ঠিক দুদিনের মাথায় রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রীকে পুনরায় তলব করে কড়া নোটিস দিল বিধাননগর পুলিশ। ওই নোটিসে স্পষ্ট করে জানানো হয়েছে, আগামীকাল অর্থাৎ 8 জুন, সোমবার অরূপ বিশ্বাসকে সশরীরে থানায় হাজিরা দিতেই হবে। অনেকেই মনে করছেন, দ্বিতীয়বারও তৃণমূল নেতা যদি হাজিরা এড়ান সে ক্ষেত্রে ভাই স্বরূপ বিশ্বাসের মতোই গ্রেফতার হতে পারেন তিনি।