হাওড়া স্টেশনে এয়ারপোর্টের মতো আন্তর্জাতিক মানের বাস ও ট্যাক্সি টার্মিনাল, সায় রেলের

অনন্যা সরকার, হাওড়া: দেশের অন্যতম প্রাচীন ও ব্যস্ততম রেলওয়ে স্টেশন হল হাওড়া স্টেশন (Howrah Station)। প্রতিদিন লাখ লাখ যাত্রী এই স্টেশন দিয়ে যাতায়াত করেন। এই ঐতিহাসিক স্টেশনকে বিশ্বমানের করে তোলার জন্য সরকারের তরফে সম্প্রতি নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এবার হাওড়া স্টেশনে গড়ে উঠবে আন্তর্জাতিক মানের ট্যাক্সি ও বাস টার্মিনাল। রাজ্যের রাষ্ট্রমন্ত্রী ও উত্তর হাওড়ার বিধায়ক উমেশ রাই কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে (Ashwini Vaishnaw) এই প্রস্তাব পাঠিয়েছেন। রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে যে, কেন্দ্র ও রাজ্যের যৌথ উদ্যোগে হাওড়া রেলওয়ে স্টেশন চত্বরে গঙ্গার ঘাট থেকে দীঘা বাসস্ট্যান্ড পর্যন্ত একটি বাস টার্মিনাল গড়ে তোলা হবে।  

আন্তর্জাতিক মানের ট্যাক্সিও বাস টার্মিনাল গড়ে উঠবে হাওড়ায় 

প্রস্তাবে কয়েকটি পরিকল্পনার কথা উঠে এসেছে। জানা যাচ্ছে, স্টেশন থেকে বেরিয়ে চলন্ত সিঁড়ি ও স্কাইওয়াকের মাধ্যমে যাত্রীরা পৌঁছে যেতে পারবেন বাস ও ট্যাক্সি স্ট্যান্ডে। আন্তর্জাতিক বিমানবন্দরে থাকা টার্মিনালগুলির ছাঁদে গড়ে উঠবে হাওড়া বাসস্ট্যান্ড। 

এর পাশাপাশি, পড়ে থাকা আবর্জনা সরিয়ে ঝাঁ চকচকে করে তোলা হবে স্টেশন চত্বর। এই প্রসঙ্গে উত্তর হাওড়ার বিধায়ক ও রাজ্যের রাষ্ট্রমন্ত্রী উমেশ রাই জানিয়েছেন, রেলমন্ত্রক হাওড়ার উন্নতির জন্য অনেক কিছুই করেছে। তাই তিনি রেলমন্ত্রীকে প্রস্তাব দিয়েছেন হাওড়া স্টেশনে বিমানবন্দরের মতো ট্যাক্সি ও বাস স্ট্যান্ড করে দিতে। অশ্বিনী বৈষ্ণব তাতে সম্মতি জানিয়েছেন।

আরও পড়ুনঃ দীর্ঘদিন ধরেই ভারতে আত্মগোপন, শিলিগুড়ি স্টেশন থেকে গ্রেফতার ৮ বাংলাদেশী

প্রসঙ্গত, গত শনিবার রাজ্যে এসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাথে বৈঠক করেন রেলমন্ত্রী। এই বৈঠকে রেলমন্ত্রকের তরফ থেকে রাজ্যের উন্নতির জন্য অনেকগুলি প্রস্তাব দেওয়া হয়েছে। বৈঠকে হাজির ছিলেন মন্ত্রী উমেশ রাই। তিনি হাওড়ার উন্নতির জন্য রেলমন্ত্রীর কাছে প্রস্তাবগুলি রাখেন। ইতিমধ্যেই রেলের তরফে হাওড়া স্টেশনে আন্ডারপাস এবং রেলওভার ব্রিজ তৈরি করা হয়েছে। হাওড়ায় এরকম আরও উন্নয়ন করার জন্য রেল রাজ্যের থেকে প্রস্তাব গ্রহণ করেছে। 

Leave a Comment