জাহাঙ্গির খানকে বয়কট আইনজীবীদের, ‘পুষ্পা’র হয়ে আদালতে লড়বে না কেউ

সৌভিক মুখার্জী, কলকাতা: পুষ্পা চুপসে ফুঁস! গতকাল নেপাল সীমান্ত দিয়ে পালাতে গিয়ে গ্রেফতার হয়েছে তৃণমূলের এই দাপুটে নেতা। জাহাঙ্গীর খানকে (Jahangir Khan) ডায়মন্ড হারবার আদালতে তোলা হচ্ছে আজ। একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে এই কুখ্যাত দুষ্কৃতির বিরুদ্ধে। তবে অভিযুক্তকে নিয়ে আসার সময় আজ আদালত চত্বরজুড়ে বাড়তি নিরাপত্তা মোতায়েন করা হয়। এমনকি আদালতের বাইরে এবং ভিতরে প্রচুর পুলিশ কর্মী ও কেন্দ্র বাহিনী মোতায়েন থাকে বলে খবর।

আদালতে তোলা হল জাহাঙ্গীর খানকে

সূত্রের খবর, আদালতের বাইরে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্যই আজ বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। এমনকি প্রশাসনের তরফ থেকে দেখা যায় বাড়তি সতর্কতা। ডায়মন্ড হারবার মহাকুমা আদালতকে আজ পুরো নিরাপত্তার বলয়ে ঘিরে ফেলা হয় এবং পুলিশের তরফ থেকে বাড়তি নজরদারি চালানো হয়। তাঁকে আদালতে তোলার সময় যাতে কোনও বিশৃঙ্খলা বা অশান্তির পরিস্থিত তৈরি না হয় তার জন্য তৎপর থাকে প্রশাসন।

জানা যায়, জাহাঙ্গীর খানের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। এমনকি জামিন অযোগ্য মামলা করা হয়েছে তাঁর বিরুদ্ধে। আর সবথেকে বড় ব্যাপার, তাঁর হয়ে কোনও আইনজীবীও লড়বেন না। ডায়মন্ড হারবার ক্রিমিনাল কোর্টের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে, জাহাঙ্গীর খান একজন কুখ্যাত দুষ্কৃতী। মানুষের অনেক ক্ষতি করেছে। সেই কারণেই ক্রিমিনাল কোর্টের বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাঁর পক্ষে হয়ে কথা বলবে না কোনও আইনজীবী। এমনকি তাঁর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৩০৮, ৩২৪(৫), ৩০৫(বি), ১২৬(২), ১০৯, ১১৭(২) ধারায় জামিন অযোগ্য মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন: ডিজিটাল লক ভেঙে রহস্যময় ঘরে ঢুকল পুলিশ, স্বরূপ বিশ্বাসের ফ্ল্যাটে কী কী মিলল?

তদন্তকারী সংস্থার স্পষ্ট দাবি, অভিযুক্তের পক্ষে কেউ সাওয়াল করতে রাজি নয়। অভিযোগের গুরুত্ব বিচার করেই তদন্তকারীরা আইনের বিভিন্ন ধারা প্রয়োগ করেছেন। এমনকি তদন্তের স্বার্থে এখনও পর্যন্ত প্রশাসনের তরফ থেকে কিছু স্পষ্টভাবে জানানো হয়নি। পাশাপাশি আদালত চত্বরে এতটাই নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন করা হয় যে, সাধারণ মানুষের প্রবেশেও বিধিনিষেধ লাগু হয়েছে। আর আদালতের বাইরে এবং ভিতরে পুলিশ টহলদারি চালায়।

Leave a Comment