বিক্রম ব্যানার্জী, কলকাতা: ক্রমশ নাকি বাংলায় গুরুত্ব কমছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (State Bank of India)। সেই অভিযোগ নিয়েই একে একে রাজ্য থেকে সরে যাচ্ছে SBI এর একাধিক বিভাগ। এর আগে স্টেট ব্যাঙ্কের বিভিন্ন বিভাগ রাজ্য ছেড়ে চলে গিয়েছে। এবার সেই সূত্র ধরেই চলতি মাস অর্থাৎ জুনেই শহর কলকাতা থেকে চলে যাচ্ছে SBI এর আরও নতুন তিনটি বিভাগ। এমনটাই সূত্রের খবর।
কেন এমন সিদ্ধান্ত?
সূত্রের খবর, চলতি জুন মাসেই বিশেষ কারণে স্টেট ব্যাঙ্কের বেঙ্গল সার্কেল থেকে আরও তিনটি বিভাগকে সরানো হচ্ছে। সেই তালিকায় রয়েছে চেক ক্লিয়ারিং, অ্যাকাউন্ট ওপেনিং এবং সেন্ট্রাল পেনশন প্রসেসিং সেন্টার। কিন্তু কেন হঠাৎ শহর ছাড়ার পরিকল্পনা SBI এর এই তিন বিভাগের? এ প্রসঙ্গে কথা বলতে গিয়ে স্টেট ব্যাঙ্ক স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সুদীপ দত্ত একেবারে খোলাখুলি জানিয়েছেন, “আপাতত দুটি বিভাগ সরছেই। বাকি একটি নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। এমন সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে ব্যাঙ্ক কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে।”
জানা গিয়েছে, যে তিনটি বিভাগ রাজ্য তথা শহর ছেড়ে চলে যাচ্ছে বলে খবর, ব্যাঙ্কের ওই তিন বিভাগের 250 জন কর্মী সহ অন্যান্য আউটসোর্সিং কর্মী ও স্টাফ মিলিয়ে মোট 550 জনের কাছাকাছি মানুষ এই তিন বিভাগের সাথে জড়িত। তাঁদের কাছ নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা! আচমকা শহর ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ব্যাঙ্ক কর্তৃপক্ষ অবশ্য জানিয়েছেন, পরিচালনা সংক্রান্ত কাজের সুবিধার জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছেন তারা।
অবশ্যই পড়ুন: পুরনো UAN ভুলে গেলেও চিন্তা নেই, নতুন পোর্টাল চালু করল EPFO
প্রসঙ্গত, দিনের পর দিন ধরে এভাবে ব্যাঙ্কটির বিভিন্ন বিভাগ রাজ্য থেকে চলে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্টেট ব্যাঙ্ক স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সুদীপ বাবু। তাঁর বক্তব্য, “এর আগেও বহুবার আমরা এমন ঘটনার সাক্ষী দেখেছি। এতগুলো বিভাগ একসাথে চলে যাওয়ায় রাজ্যে কর্মসংস্থান কমেছে। এদিকে যেসব রাজ্যে বিভাগগুলি চলে যাচ্ছে সেখানে কর্মসংস্থান দিন দিন বাড়ছে।”