প্রীতি পোদ্দার, কলকাতা: আরও বিপাকে পড়লেন ফলতার বেতাজ বাদশা জাহাঙ্গীর খান (Jahangir Khan)। দোষের শাস্তি আরও কড়াকড়ি করতে এবার ২০২০ সালের একটি পুরনো মামলার নতুন করে তদন্ত শুরু হল। জানা গিয়েছে তৎকালীন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার কনভয়ে হামলার (JP Nadda Convoy Attack Case) ঘটনা নতুন করে তদন্ত শুরু করতে চলেছে ডায়মন্ডহারবার জেলা পুলিশ (Diamond Harbour Police)। ব্যাপক শোরগোল রাজ্য রাজনীতিতে।
কী ঘটেছিল সেইবার?
উল্লেখ্য, ২০২০ সালে ডায়মন্ডহারবার যাওয়ার পথে তৎকালীন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার কনভয়ে হামলা হয়েছিল। সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছিল সেই ভিডিও। গাড়ির কাঁচ ভেঙে ঢুকে গিয়েছিল বড় বড় পাথর। আর সেই হামলার ঘটনায় FIR-এ অভিযুক্ত ছিল জাহাঙ্গির খান। এবার ক্ষমতার রদবদল হতেই ৬ বছরের পুরাতন কেস খুলতে চলেছে। তদন্তে নামতে চলেছে ডায়মন্ডহারবার জেলা পুলিশ। এই কেসে পুলিশের দাবি, সে সময় তদন্ত যথাযথভাবে না হওয়ায় অভিযুক্তরা আইনি সুবিধা পেয়ে যান। তাই মামলার পুনর্তদন্ত শুরু হয়েছে। এদিকে বিজেপি সরকার আসতেই কয়েকদিন আগেই পুলিশের জালে ধরা পড়েছিল জাহাঙ্গির খান ওরফে ‘পুষ্পা’। কিন্তু একের পর এক অভিযোগ উঠে আসতেই আরও চাপ বাড়ছে তাঁর।
পুলিশের ঘেরাটোপে অন্য রূপে পুষ্পা
গতকাল, রবিবার, পাঁচ দিনের প্রথম দফার পুলিশি হেফাজত শেষে ফলতায় ফের জাহাঙ্গির খানকে নিয়ে রাস্তায় বের হয়েছিল পুলিশ। হাতজোড়, মাথা ঝোঁকানো এমনকি কান ধরতেও দেখা গেল ফলতার একসময়ের ‘বেতাজ বাদশা’কে। রাস্তার পাশে দাঁড়িয়ে দেখলেন এলাকার বাসিন্দারা। এর আগেও দেখা গিয়েছে ফলতার একসময়ের ত্রাস জাহাঙ্গির খান পুলিশি পাহারায় খালি পায়ে রাস্তায় হাঁটছেন। পরনে হাফপ্যান্ট, টি-শার্ট। কোমরে বাঁধা দড়ি। উল্লেখ্য, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে প্রথমবার ভোটের একাধিক কারচুপি ধরা পড়ায় পুনর্নির্বাচন হয়েছিল ফলতায়। সেই সময় নিজেকে লড়াই থেকে সরিয়ে নেওয়ার পরই ভোটের ময়দান থেকে কার্যত হাওয়া হয়ে গিয়েছিল জাহাঙ্গির। তারপরেই কড়া ব্যবস্থা নিয়েছিল প্রশাসন।
আরও পড়ুন: হাওড়ায় প্রধান কার্যালয়, বাংলাতেই NCPI দলের শিকড়, জেনে নিন ঠিকানা
ফের ৬ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ
জাহাঙ্গির খানের বিরুদ্ধে অভিযোগের তালিকাও দীর্ঘ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, হুমকি দেওয়া, ব্যবসায়ীদের কাছ থেকে তোলা আদায়-সহ নানা বেআইনি কাজে তাঁর নাম জড়িয়েছে। রবিবার তাঁকে ডায়মন্ড হারবার এসিজেএম আদালতে হাজির করা হয়েছিল। সেখানে তাঁর বিরুদ্ধে ওঠা পাহাড়প্রমাণ অভিযোগের তথ্য সংগ্রহ করতে আরও সময় প্রয়োজন বলে আদালতের কাছে আবেদন জানায় পুলিশ। সেই আর্জিতে সাড়া দিয়ে আদালত জাহাঙ্গিরকে ফের ৬ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে। এখন দেখার জে পি নাড্ডার কনভয়ে হামলার ঘটনা কোন দিকে মোড় নেয়।