বাংলার গ্রামীণ উন্নয়ন ও কর্মসংস্থানের জন্য ৮৫০৮ কোটি টাকার অনুমোদন কেন্দ্রের

সৌভিক মুখার্জী, কলকাতা: বাংলার গ্রামীণ উন্নয়ন এবং কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে এবার বিরাট আর্থিক বরাদ্দ অনুমোদন করল কেন্দ্র সরকার (Government of India)। হ্যাঁ, নতুন বরাদ্দের ফলে রাজ্যের গ্রামীণ এলাকায় পরিকাঠামো উন্নয়ন যেমন একদিকে গতি পাবে, ঠিক তেমনই কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। ইতিমধ্যে এই সিদ্ধান্তকে নিয়ে শুরু হয়েছে জোর তৎপরতা। আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) কেন্দ্রের এই আর্থিক সাহায্যের আনুষ্ঠানিক ঘোষণা করেন। সূত্রের খবর, ২০২৬-২৭ অর্থবর্ষের জন্য পশ্চিমবঙ্গকে (West Bengal) বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড লাইভলিহুড মিশন (VB-G RAM GI) গ্রামীণ প্রকল্পের আওতায় মোট ৮৫০৮ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। উত্তরপ্রদেশের পর পশ্চিমবঙ্গ দেশের দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ পেল এই প্রকল্পে।

গ্রামীণ কর্মসংস্থানে আসবে জোয়ার

রাজ্য সরকারের দাবি, নতুন এই প্রকল্পের মাধ্যমে গ্রামীণ পরিবারের হাতে বছরে প্রায় ১২৫ দিনের কর্মসংস্থানের সুযোগ পৌঁছে দেওয়া হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই বলেছেন যে, কেন্দ্রের এই বরাদ্দ রাজ্যের গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করবে। তাঁর কথায়, “সাধারণ মানুষের কাছে কাজ এবং উন্নয়ন দুটোই পৌঁছে দেওয়া আমাদের লক্ষ্য। নতুন VB-G RAM GI প্রকল্প পুরনো মনোরোগা প্রকল্পের পরিবর্তে চালু করা হচ্ছে। কেন্দ্রীয় বরাদ্দের এই অর্থ গ্রামীণ উন্নয়ন এবং জীবিকাকে আরও শক্তিশালী করতে সাহায্য করবে।”

তবে শুধু কর্মসংস্থান নয়, বরং গ্রামীণ পরিকাঠামো উন্নয়নে এবার আলাদা করে নজরদারি করা হচ্ছে। গ্রাম সড়ক যোজনার আওতায় কেন্দ্র সরকার পশ্চিমবঙ্গের জন্য আরও ২৪০০ কোটি টাকা বরাদ্দ করেছে বলে খবর। এমনকি ইতিমধ্যে তার অনুমোদন দেওয়া সম্পন্ন, এবং যার মধ্যে ১০০০ কোটি টাকা প্রথম কিস্তি রাজ্যের হাতে পৌঁছে গিয়েছে। প্রশাসনের মতে, এই অর্থ দিয়ে গ্রামীণ রাস্তা সংস্কার, নতুন রাস্তা নির্মাণ আর যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করা হবে। যার ফলে প্রত্যন্ত এলাকায় মানুষের যাতায়াত ও স্থানীয় ব্যবসায় একেবারে জোয়ার আসবে।

আরও পড়ুন: এই রেশন কার্ড থাকলে মিলবে না আয়ুষ্মান ভারতের সুবিধা, জেনে নিন এখনই

উল্লেখ্য, আজ পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম থেকে রাজ্যব্যাপী জনকল্যাণ শিবির কর্মসূচির শুভ সূচনা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ অর্থাৎ ১৫ জুন থেকে ১৭ জুন পর্যন্ত গোটা রাজ্যজুড়ে মোট ১১০০টি শিবির আয়োজন করা হচ্ছে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত এই শিবির বসবে বলে খবর। এই শিবিরে সাধারণ মানুষ আয়ুষ্মান ভারত থেকে শুরু করে অন্নপূর্ণা যোজনা সহ মোট ৫৪টি সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা পাবে। মুখ্যমন্ত্রী বলেছেন, এটি বাংলার বিজেপি সরকারের প্রথম বড় আউটরিচ কর্মসূচি। তাঁর কথায়, “সরকারি পরিষেবা সরাসরি মানুষের কাছে পৌছনো আমাদের উদ্দেশ্য।” এমনকি আজ মুখ্যমন্ত্রী আগের সরকারের অনিয়মের অভিযোগও তোলেন। তাঁর দাবি, প্রকৃত উপভোক্তাদের বদলে ভুয়ো অ্যাকাউন্টে সরকারি সুবিধা পৌছেছিল। আমরা চাই, প্রকৃত উপভোক্তারাই সুবিধা পান। কোনও ভুয়ো পরিচয়ের কেউ যাতে সুবিধা না পেতে পারেন সেদিকে নজর রাখা হচ্ছে।

Leave a Comment